জিল্লুর রহমান জয় (রাজশাহী) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য প্রফেসর মো. আলতাফ হোসেন ইন্তোকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে রাজশাহী মহানগরীর উপশহরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। সবাইকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে।
মরহুমের প্রথম জানাজা নামাজ রাজশাহী উপশহল বাতুস সালাম মসজিদের অনুষ্ঠিত হয় দুপুর ১২ টায়। দীর্ঘদিন তিনি উপশহরে বসবাস করে এসেছেন। মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে দাফনের জন্য মরদে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জ চাঁদলাই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
প্রফেসর আলতাফ হোসেনের মৃত্যুতে রাবি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া শোক প্রকাশ করেছেন। তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
প্রফেসর আলতাফ হোসেন মৃত্যুকালে স্ত্রী এবং এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। তিনি ১৯৯৪ সালের ২৭ আগস্ট থেকে ১৯৯৬ সালের ৭ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৫ সালের ৫ জুন থেকে ২০০৮ সালের ১৫ মে পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। প্রফেসর আলতাফ হোসেন ১৯৪৬ সালে বর্তমান চাঁপাইনবাবগঞ্জ সদরের চাঁদলাইয়ে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএস এবং ১৯৭৬ সালে ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং পরবর্তীতে যুক্তরাজ্য থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন এবং ১৯৭৬ সালে তিনি রাবির প্রাণিবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি কয়েক বছর ফিশারীজ বিষয়ে অধ্যাপনা করেন।