জাতীয়

বঙ্গবন্ধুকে হত্যা: ৬ মৃত্যুদণ্ড কার্যকর, পলাতক এখনো ৫

  • 7:38 am - August 15, 2022
বঙ্গবন্ধুকে হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড

ঢাকা: বাঙ্গালি জাতির ইতিহাসে এক কলঙ্কের দিন ১৯৭৫ সালের ১৫ আগস্ট। কিছুসংখ্যক বিপথগামী সেনা কর্মকর্তার হাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে নৃশংসভাবে হত্যার শিকার হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যরা। হত্যাকাণ্ডের ৩৪ বছর পর ২০১০ সালের ২৭ জানুয়ারি মধ্যরাতে দণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। সবশেষ দণ্ড কার্যকর করা হয় ভারতে পালিয়ে থাকা আসামি আবদুল মাজেদের।

২০২০ সালের ১২ এপ্রিল রাতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বাকি ছয় আসামির মধ্যে দণ্ডিত আবদুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান। অন্য পাঁচজন এখনো পলাতক।

পলাতক আসামিরা হলেন- খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, এস এইচ এম বি নূর চৌধুরী ও মোসলেহ উদ্দিন। তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

এদিকে আত্মস্বীকৃত এসব খুনিকে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইন, বিচার ও সংসদবিষয় মন্ত্রী আনিসুল হক বলছেন, বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রথম রায়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঐতিহাসিক ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার তৎকালীন দায়রা জজ কাজী গোলাম রসুল বিচার শেষে ১৫ জন আসামির মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

দ্বিতীয় রায়

নিম্ন আদালতের এ রায়ের পর দেশের উচ্চ আদালতে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন বা মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ) আসে। ওই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের ডেথ রেফারেন্স শুনানি শেষে ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ প্রথমে দ্বিধা বিভক্ত রায় দেন। হাইকোর্টের বিচারপতি এম রুহুল আমিন ১৫ আসামির মধ্যে ১০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। খালাস দেন পাঁচ আসামিকে। অন্য বিচারপতি এ বি এম খায়রুল হক ১৫ আসামির মধ্যে সবারই মৃত্যুদণ্ড দিয়ে বিচারিক (নিম্ন) আদালতের রায় বহাল রাখেন।

এরপর মামলাটি শুনানির জন্য আবার নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি হাইকোর্টের একটি বেঞ্চ নির্ধারণ করে দেন। পরে সেখানে আবারও রায় ঘোষণা করা হয়। সেটি ছিল মামলার তৃতীয় রায়।

তৃতীয় রায়

২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের একক বেঞ্চ ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। আর খালাস দেন বাকি তিনজনকে। এই ১২ আসামির মধ্যে একজন মারা যান, ছয়জন পলাতক থাকেন। অন্য পাঁচজন কারাগারে আটক ছিলেন।

দীর্ঘ ছয় বছর পর তত্ত্বাবধায়ক সরকার আমলে আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হয়। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

চতুর্থ রায়

২০০৯ সালের ১২ নভেম্বর ২৯ দিনের শুনানির পর আপিলের ওপর শুনানি শেষ করা হয়। সঙ্গে সঙ্গে আপিল আদালত ওই বছরের ১৯ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। পরে ওইদিন (১৯ নভেম্বর) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির দায়ের করা আপিল আবেদন খারিজ করে রায় দেন।

২০১০ সালের ২৭ জানুয়ারি আপিলের রায়ের বিরুদ্ধে আসামিদের রিভিউ খারিজ হলে ২৮ জানুয়ারি পাঁচ আসামির ফাঁসির রায় কার্যকর করে জাতিকে দায়মুক্ত করা হয়। ফাঁসি কার্যকর করা পাঁচ খুনি হলেন- লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুদা, লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) ও লে. কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার)।

সবশেষ ফাঁসি কার্যকর করা হয় ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদের। দুই দশকেরও বেশি সময় ভারতে পালিয়ে থাকার পর ২০১৯ সালের ৭ এপ্রিল দেশে ফেরা মাজেদ ঢাকার গাবতলী থেকে গ্রেপ্তার হন। এর পরের বছর ২০২০ সালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই বছরের ১২ এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২১ বছর পর মামলা

১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ২১ বছর পর আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার আগ পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। কেননা বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ বিচারের হাত থেকে খুনিদের রক্ষা করতে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেন। সে কারণে বিচার প্রক্রিয়া বন্ধ ছিল দীর্ঘদিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৯৯৬ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও সাবেক প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুরকে (পরে তিনি খালাস পান) গ্রেফতার করা হয়। একই বছরের ২ অক্টোবর বঙ্গবন্ধুর একান্ত সহকারী (পিএ) এ এফ এম মোহিতুল ইসলাম ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি এফআইআর করেন। পরে আরেক আসামি মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়।

১৯৯৬ সালের ১৪ নভেম্বর খুনিদের বিচারের আওতায় আনতে পার্লামেন্টে ইনডেমনিটি আইন বাতিল করা হয়। ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ মামলায় ২০ জনকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে, সেখানে আসামি করা হয় ২৪ জনকে। একই বছরের ১২ মার্চ আদালতে বিচার শুরু হয়।

১৯৯৮ সালে অন্য আসামি বজলুল হুদাকে গ্রেফতার করা হয়। সবশেষ বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় পলাতক অন্য খুনি এ কে এম মহিউদ্দিন আহমেদকে যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

১৫ আগস্ট বঙ্গবন্ধু, পরিবারের সদস্যসহ যারা শহীদ হন

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মেজো ছেলে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, ছোট ছেলে শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

নৃশংসতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ভাগনে যুবনেতা শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার মেয়ে বেবী সেরনিয়াবাত ও ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আবদুল নঈম খান রিন্টু ও আত্মীয় বেন্টু খান, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদ, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক ও এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান। এসময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au