মমতাকে ফোন করে পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ঢাকা: সুপার সাইক্লোন আম্পানের আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করে তার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২২ মে) বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করেন এবং রাজ্যে ঘূর্ণিজড়ের কারণে ক্ষয়ক্ষতির খোঁজ নেন।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
ফোনালাপের বরাত দিয়ে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে ধনসম্পদ ও জানমালের যে ক্ষতি হয়েছে তার জন্য সমবেদনা জানান প্রধানমন্ত্রী এবং তারা শিগগিরই এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে ফোনালাপে আশা প্রকাশ করেন।’
এসময় ফোন করে সমবেদনা জানানো ও খোঁজখবর নেয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মমতা ব্যানার্জি।
গত বুধবার দুপুরের পর অতি প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় আম্পান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানে।
এতে করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বেশ কিছু মানুষের প্রাণহানি হয়। শত শত মানুষ আহত হন। এছাড়াও দুই বাংলাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।