করোনায় প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য
ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত (কভিড-১৯) হয়ে জীবন দিলেন পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা।
দেশ ও জাতির কল্যাণে আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন কনস্টেবল মো. নঈমুল হক (৩৮)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা ভাইরাস প্রটোকল অনুযায়ী গতকাল শুক্রবার রাতে দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি গ্রামে। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ তিন শিশু সন্তান এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৮ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন। আত্মোৎসর্গ অন্য সদস্যরা হলেন- ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭), এএসআই শ্রী রঘুনাথ রায় (৪৮), কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), এসআই সুলতানুল আরেফিন ও এসবির এসআই নাজির উদ্দীন (৫৫)। গত রবিবার (১০ মে) পর্যন্ত ১৪৭ জন করোনা আক্রান্ত পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।