ইউক্রেনে রাশিয়ার নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি মতে, ইউক্রেনে নিয়োজিত রুশ বাহিনীর কমান্ডার হিসেবে জেনারেল সের্গেই সুরোভিকিনের নাম ঘোষণা করা হয়েছে। খবর আল জাজিরার।
ইউক্রেনে রাশিয়ার নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা
চলতি সপ্তাহে ইউক্রেনে রাশিয়ার পাঁচ সামরিক অঞ্চলের মধ্যে দুটি অঞ্চলের একাধিক কমান্ডারকে বরখাস্ত করার খবর প্রকাশ হয়। এরপরই নতুন করে কমান্ডার নিয়োগ করা হলো। জেনারেল সের্গেই সুরোভিকিন ইউক্রেনে সমগ্র বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে একিভূত হওয়া ইউক্রেনের খেরসনের দক্ষিণাঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। গত ১ অক্টোরব থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইউক্রেনের সেনাবাহিনী খেরসনের ২৯টি আবাসিক এলাকা রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে।
ইউক্রনের কর্মকর্তরা শুক্রবার জানান, খেরসনের দক্ষিণাঞ্চলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখন তুমুল লড়াই চলছে। কিয়েভের দাবি, ১ অক্টোবর থেকে খেরসনের ৪০০ বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন।
দুই দেশের মধ্যে এখন সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র খেরসনের দক্ষিণাঞ্চল। উভয় দেশের সেনাবাহিনী এখানে পরস্পরকে লক্ষ্য করে গুলি, কামানের গোলা ও রকেট ছুড়ছে। সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালাচ্ছে। কামানের গোলা আর রকেট হামলায় ঘরবাড়ি ধ্বংস হচ্ছে।