রাবি প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী চত্তরে এ দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন তারা। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছাত্র সংগঠনের নিপীড়ন বন্ধের দাবি জানান তারা।
মানববন্ধনে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, ছাত্র শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মধ্য দিয়ে শুভ পরিবর্তন এবং মঙ্গল সম্ভব। আমরা যাদের দিকে তাকিয়ে থাকি বা যাদের কাছে দাবি জানাই তারা একটি মাত্র ভাষা বোঝেন। পদ, ক্ষমতা, রুজিরোজগার হারানোর ভাষা। সে ভাষাতেই যদি তাদের বোঝানো যায়, পরিস্থিতি এভাবে চলতে থাকলে আপনারাও হয়তো একদিন বিপদে পড়বেন।
তাহলে হয়তো তাদের টনক নড়বে। এছাড়া সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, প্রশ্ন তোলা হচ্ছে অধ্যাপক সেলিম লোভ থেকে প্রাধ্যক্ষের দায়িত্ব নিয়েছিলেন। কাউকে না কাউকে তো প্রাধ্যাক্ষের দায়িত্ব পালন করতে হবে, নইলে বিশ্ববিদ্যালয় চলবে কিভাবে? কিন্তু যে কাঠামোতে আমরা ভিসি, প্রক্টর, প্রাধ্যক্ষ হচ্ছি তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না। এই রাষ্ট্র, সরকারের কঠামোগত পরিবর্তন দরকার। নইলে শতশত সেলিম, শতশত আবরারের জন্য এখানে আমাদের বারবার দাঁড়াতে হবে।
রাকসুর সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর এ মানববন্ধন সঞ্চালনা করেন। এসময় আরো বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মামুন, ফকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, বাংলা বিভাগের শফিক রেজা, বিপ্লবী ছাত্রমৈত্রির সভাপতি রঞ্জু হাসান, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ খান।