নতুন সময় ডেস্ক : সদ্য বিদায়ী বিষময় একটি বছর কাটিয়েছে পুরো বিশ্ব। সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই বিষ নিয়ে এখনো পথ চলতে হচ্ছে। হয়তো চলতে হবে আরও অনেকদিন। বিশ্বের বড় বড় সব ফিল্ম ইন্ডাস্ট্রির মতো দেশি সিনেমার পুঁজিপতি, কলা-কুশলীরাও ২০২১ সালকে নিজেদের ভাগ্য পরিবর্তনের বছর হিসেবে কাজ শুরু করেছেন। মুক্তির জন্য প্রস্তুত করছেন ছবি। কোন কোন ছবি এ বছর ইন্ডাস্ট্রি কিংবা ব্যক্তিগত পর্যায়ে কতটা ভাগ্য বদলে দেবে সেটা নিয়ে আজকের আয়োজন।
বছরের প্রথম দিন ছিল শুক্রবার। সিনেমা হলও খোলা। নিয়ম অনুযায়ী এ দিনই মুক্তি পাওয়ার কথা ছিল কোনো নতুন ছবি। হয়েছেও তাই। কিন্তু সে ছবিটি নিয়ে আলোচনা তো দূরে থাক, মুক্তি যে পেয়েছে এটাই জানে না অনেকে। ছবির নাম ‘কেনো সন্ত্রাসী’। পরিচালক রবিউল ইসলাম রাজ। পরিচালকের দাবি ২০টিরও অধিক হলে মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু রাজধানী ঢাকাবাসীর কাছে এ রকম একটি ছবির নাম অজানা।
স্বভাবতই রাজধানীসহ দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহ, যে ক’টি চালু আছে, তাদের পুরনো ছবি দিয়েই বর্ষবরণ করতে হয়েছে। অজুহাত কিংবা সমস্যা যাই হোক না কেনো, সেটা একটাই। করোনাভাইরাস। এ ভাইরাসের নীরব হুংকারে ২০২০ সাল ছিল বিষময়। অন্য সবার মতো ঢাকাই সিনেমাবাসীরাও স্বভাবতই অপেক্ষায় ছিলেন ২০২১-এর। সেটা এসেছেও। কিন্তু বগলদাবা করে রেখেছে করোনাকেও। বরং মধ্য ২০২০-এর তুলনায় আরও বেশি। নতুন করে সংক্রমণ বাড়ছে।
এ অবস্থায় শূন্য ঘরেই বাতি জ্বালাচ্ছেন হল মালিকরা। তবে আশা ছাড়েননি তারা। প্রযোজক, পরিচালক, শিল্পীরাও এই ২০২১ সালের দিকে তাকিয়ে আশায় বুক বেঁধে আছেন। মানসম্মত কোনো ছবি দিয়ে বর্ষবরণ না হলেও চলতি বছর মুক্তির তালিকায় আছে বেশ ক’টি বিগ বাজেটের ছবি। যদিও এর মধ্যে কয়েকটি গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। করোনার দৌড়ে সিদ্ধান্তে অটল থাকতে পারেননি লগ্নিকারকরা। তাই এ বছরকেই মুক্তির জন্য বেছে নিয়েছেন।
এর মধ্যে কেউ কেউ মুক্তির তারিখও ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে আরেফিন শুভ অভিনীত পুলিশি অ্যাকশন ছবি ‘মিশন এক্সট্রিম’। দুই কিস্তিতে তৈরি এ ছবিটির প্রথম কিস্তি আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ছবির পরিচালক ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। এটি একটি বিগ বাজেটের ছবি। গত বছরই মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা সেটা ঠেকিয়ে দিয়েছে।
নায়ক শুভর মতো প্রচার-প্রচারণার কারণে ছবিটি নিয়ে আশায় বুক বেঁধেছেন হল মালিকরাও। মিশন এক্সট্রিমকে বলা হচ্ছে ২০২১-এর মোড় ঘোরানোর ছবি। তবে মুক্তির পরই আসলে বোঝা যাবে সেই আশার ফুল কতটা ফোটে। এ ছবিতে আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলাসহ অনেকে। একই ঈদে শামীম আহমেদ রনি পরিচালিত ‘কমান্ডো’ নামে আরও একটি ছবি মুক্তির কথা জানিয়েছেন প্রযোজনা সংস্থা।
এ ছবিতে অভিনয় করেছেন কলকাতার নায়ক দেব। সঙ্গে রয়েছেন বাংলাদেশের নবাগতা জাহারা মিতু। মুক্তির আগেই ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে দর্শক কর্তৃক এ ছবিটি বিতর্কের তালিকায় নাম লিখিয়েছে। সেই অভিযোগে ইউটিউবে প্রকাশিত ছবির টিজারও সরিয়ে নিতে বাধ্য হয়েছে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। কলকাতার নায়ক নিয়ে বাংলাদেশি ছবি নির্মাণ এবং সেটি মুক্তি দিয়ে আগেও সফলতা পাওয়া যায়নি।
তাই এ ছবিটিও যে খুব বেশি সফলতা পাবে না, সেটি অতীত অভিজ্ঞতায় বলা যায়। এটিও দেশি প্রেক্ষাপটে বিগ বাজেটের একটি ছবি। সুনির্দিষ্টভাবে দিনক্ষণ না বললেও ঈদে দেশের আলোচিত নায়ক প্রযোজক অনন্ত জলিল তার নতুন ছবি ‘দিন : দ্য ডে’ মুক্তির কথা জানিয়েছেন। এরই মধ্যে ছবির কাজ প্রায় শেষ। অবশ্য গত বছরই ছবিটির কাজ শেষে মুক্তি দেওয়ার কথা ছিল। সেখানেও বাদ সাধে করোনাভাইরাস।
চলতি বছরের নভেম্বরে তুরস্কের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং প্রায় শেষ করেছেন। আন্তর্জাতিক মাদকচক্র ও জঙ্গিবাদের প্রেক্ষাপট নিয়ে এ ছবিটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। পরিচালনা করছেন ইরানি পরিচালক মোস্তফা অতাশ জমজম। বিগ বাজেটের এ ছবিতে অনন্তর সঙ্গে চিত্রনায়িকা বর্ষার পাশাপাশি ইরান, লেবানন ও আমেরিকার একঝাঁক অভিনেতাও অভিনয় করছেন।
এটিও বছরের আলোচিত একটি ছবি। চলতি বছর মুক্তির তালিকায় দেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর (র্যাব) অর্থায়নে নির্মিত একটি ছবিও আছে বেশ আলোচনায়। নাম ‘অপারেশন সুন্দরবন’। দীপঙ্কর দীপন পরিচালিত এ ছবিটি সুন্দরবনের দস্যুদের দৌরাত্ম্য ও তাদের নির্মূলে র্যাবের বিভিন্ন অপারেশন পরিচালনার গল্প নিয়ে তৈরি হয়েছে। ছবিটি গত বছরই কাজ শেষ করে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য কাজ শেষ করতে পারেননি নির্মাতা।
স্বভাবতই এ বছর মুক্তির তালিকায় যোগ হয়েছে। যদিও এখনো মুক্তির কোনো দিনক্ষণ ঠিক করেনি প্রযোজনা সংস্থা, তবে কোনো একটি উৎসবে এটি মুক্তি দেওয়া হবে বলে পরিচালক জানিয়েছেন। মুক্তি পেলে এটিও চলতি বছরের একটি আলোচিত ছবি হবে। পাশাপাশি নুইয়ে পড়া ইন্ডাস্ট্রিকে চাঙা করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই অনেকের বিশ্বাস। এ ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, মনোজ, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই।
বড় বাজেটের হিসাবে বাণিজ্যিক বিবেচনায় চলতি বছর ঢালিউডে উল্লেখ করার মতো আর কোনো ছবি নেই, যেগুলো মুক্তি পেলে ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে পারে। মাত্র তিনটি ছবি জোড়াতালি দিয়ে চলা ইন্ডাস্ট্রিকে নতুন করে দাঁড় করানোও সম্ভব নয়। এমনিতে গেল বছরের আলোচিত কয়েকটি ছবি আছে এ বছর মুক্তির তালিকায়। এগুলোর মধ্যে একটি নিরব-বুবলী অভিনীত ‘ক্যাসিনো’।
সৈকত নাসির পরিচালিত এ ছবির মাধ্যমে প্রথমবার চিত্রনায়িকা বুবলী শাকিব খানের বাইরে গিয়ে কোনো ছবিতে অভিনয় করেছেন। এ ছবির শুটিং শেষ হওয়ার পরই অবশ্য বুবলী লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন। বাণিজ্যিক সফলতা নিয়ে এখনই কোনো আশাবাদ ব্যক্ত করা না গেলেও মুক্তি পেলে আলোচনায় জায়গাটা যে কিছুটা দখল করবেন নিরব বুবলী, সেটা বলার অপেক্ষা রাখে না।
এম রাহিম পরিচালিত ‘শান’ নামে একটি ছবিও আছে চলতি বছরের মুক্তির মিছিলে। এটিও অবশ্য গত বছরেরই ছবি। সিয়াম, তাসকিন, পূজা চেরীকে নিয়ে নির্মিত এ ছবিটির কাজ এখনো শেষ হয়নি। গানের শুটিং বাকি আছে। আলোচনার টেবিলে এ ছবিটিও চলতি বছর কিছুটা জায়গা দখলে রাখবে। ‘মনপুরা’ নামে বাম্পারহিট একটি ছবির পরিচালক গিয়াসউদ্দিন সেলিমও এ বছর একটি ছবি মুক্তির তালিকায় রেখেছেন। নাম ‘পাপপুণ্য’।
সিয়াম আহমেদ, আফসানা মিমি ও শারমিন সুমি অভিনীত এ ছবিটি নিয়ে সফলতার আশা করাটা নিরাপদ নয়। কারণ একই পরিচালকের আগের ছবি ‘স্বপ্নজাল’ ছিল ব্যবসায়িকভাবে চরম ব্যর্থ। অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্য এ বছরটা আরও একটি বাজিমাতের বছর হতে পারে। তার অভিনীত ‘হাওয়া’ নামে একটি ছবি চলতি বছর মুক্তি পেতে পারে। এটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা মেজবাউর রহমান সুমন।
আরেক নাট্যনির্মাতা মাহমুদ দিদারও সরকারি অনুদানে নির্মিত ‘বিউটি সার্কাস’ নামে একটি ছবি নিয়ে চলতি বছর হাজির হতে পারেন। যদিও তিনি সুযোগ থাকা সত্ত্বেও গত বছর ছবিটি মুক্তি দেননি। এ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান ও ফেরদৌস। তবে সবকিছু ছাপিয়ে চলতি বছর আলোচিত ছবি হতে পারে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’।
জাকিয়া বারী মম, পরীমনি, শ্যামল মাওলা ও ফজলুর রহমান বাবু অভিনীত এ ছবিটি চলতি বছরই মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা। চিত্রনায়ক বাপ্পির জন্য চলতি বছর খুব ভালো একটি সময় অপেক্ষা করছে। বঙ্গবন্ধু হত্যার শেষ কয়েক ঘণ্টার বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত ঐতিহাসিক একটি ছবি ‘৫৭০’-এ অভিনয় করেছেন তিনি। আশরাফ শিশির পরিচালিত এ ছবিটিও চলতি বছর মুক্তি পাবে বলে জানা গেছে।
তবে গেল বছর শুটিং শুরু হওয়া কয়েকটি আলোচিত ছবি আছে যেগুলো বাণিজ্যিকভাবে না হলেও অনেক শিল্পীর জন্য অন্তত ঢালিউডে পথ চলাটাকে মসৃণ করবে। এগুলোর মধ্যে রয়েছে আব্দুন নূর সজল ও পূজা চেরী অভিনীত নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘পরান’, একই পরিচালকের বিদ্যা সিনহা মিম ও সিয়াম অভিনীত ‘দামাল’, আবু রায়হান জুয়েল পরিচালিত ও সিয়াম-পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিগুলো।
চলতি বছর মুক্তির জন্য দেশের সেরা নায়ক শাকিব খানের কোনো ছবি এখনো তালিকায় যোগ হয়নি। শুটিংচলতি সে রকম কোনো ছবিও নেই। তবে যে কোনো মুহূর্তে নতুন ছবির ঘোষণা দিয়ে শুটিং শুরু করবেন এ নায়ক। নিজের ছবি ছাড়া বছর শেষ হয়ে যাবে, এটা অন্তত অন্যরা মেনে নিলেও শাকিব খান মেনে নেবেন না, এটাই সত্যি।