মাতুয়াইলে চিরনিদ্রায় শায়িত হলেন হাবিবুর রহমান মোল্লা
ঢাকা: ঢাকা-৫ আসনের (ডেমরা-যাত্রাবাড়ী- কদমতলী-আংশিক) সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মে) বাদ আসর মাতুয়াইল ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা হওয়ার পর সেখানকার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতারা। পরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাবিবুর রহমানের মরদেহে।
সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবিবুর রহমান মোল্লা।
শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা থেকে তাকে হাসপাতালের আইসিইউ-২ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে লাইফ সাপোর্টে রাখা হয়।
সংসদ সদস্য হাবিবুর রহমান ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পরে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।
২০০৮ সালের সাধারণ নির্বাচনে হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।