নারায়ণগঞ্জে সচল করা হয়েছে ২৩২ কারখানা
নারায়ণগঞ্জ: করোনার ঝুঁকির মধ্যে নারায়ণগঞ্জে সচল করা হয়েছে ২৩২টি শিল্প কারখানা। শনিবার (২ মে) থেকে এসব প্রতিষ্ঠানের শ্রমিকরা ইতোমধ্যেই কাজে যোগদান করেছেন।
এর মধ্যে- নারায়ণগঞ্জে বিজিএমইএর সদস্যভুক্ত ২৫টি, বিকেএমইএর সদস্যভুক্ত ১৬৫টি, বেপজার অধীনে থাকা ইপিজেডে ২৫টি ও বিটিএমএর সদস্যভুক্ত ১৭টি।
করোনার এই সময়ে সামাজিক দূরত্ব মেনেই কারখানাগুলো সচল করা হয়েছে বলে মালিকপক্ষরা জানিয়েছে। তবে কারখানার বাইরে তাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
অবশ্য প্রতিটি কারখানায় স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ চেষ্টা ছিল বলে মালিকপক্ষের দাবি। কারখানাগুলোর মালিকরাও স্বল্প পরিসরে কাজ শুরু করেছেন। এর পাশাপাশি ছিল শিল্প পুলিশের দিক নির্দেশনা ও মাইকিং। তারা কারখানা মালিক ও শ্রমিকদের সচেতন করে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কারখানা খোলা রাখতে বলেন। তবে কারখানার বাইরে তাদের মধ্যে সামাজিক দূরত্ব মানার প্রবণতা একেবারেই কম বলেও স্বীকার করে শিল্প পুলিশ।