নতুন সময় ডেক্স : সরকার পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বিআরটিএ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশে সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনের মাধ্যমেই করতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করার মতো পরিস্থিতি দেশে নেই। বিএনপি যদি এমন কল্পনা করে থাকে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পরে গণপরিবহন প্রসঙ্গে তিনি বলেন, আগের ভাড়ায় যাত্রীরা এখন চলাচল করতে পারছে।
তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চালক, হেলপার, যাত্রীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের।
এ বিষয়ে বিআরটিএ ও জেলা প্রশাসনের মোবাইল কোর্টের নিয়মিত অভিযান অব্যাহত রাখারও নির্দেশ দেন তিনি।