নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
হতাহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের এই ঘটনায় অন্তত পনের থেকে বিশ জন মুসল্লি অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে মসজিদের ভেতরে থাকা এসি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন। এর সংখ্যা বেশিও হতে পারে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছেছে তারা সার্বিক পরিস্থিতি নিয়ে কাজ করছে।