৫০০০ ছাড়ালো আক্রান্ত, মৃত্যু ১৪৫ জনের
ঢাকা: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৫ হাজার ৪১৬ জন হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯, এ পর্যন্ত মোট ১২২ জন।
রবিবার (২৬ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৪৬ হাজার ৫৮৯ জনের।’
ডা. সুলতানা বলেন, ‘যে ৯ জন সুস্থ হয়েছেন তারা হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। আমাদের বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি বাড়িতে থেকেই চিকিৎসা নেন এবং তারা সুস্থ হয়ে যান। কিন্তু সেই তথ্য আমরা এখানে দেই না। এখানে শুধু যারা হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাসায় যান তাদের তথ্যটাই দেই।’
‘যারা এখন পর্যন্ত কোভিড-১৯ সনাক্ত হয়েছেন তাদের অনেকটা অংশজুড়ে আছেন যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত আমাদের চিকিৎসক, আমাদের নার্স, টেকনোলজিস্ট, আমাদের যারা সহায়ক শক্তি আছেন তারা। ইতোমধ্যেই আমাদের একজন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। আমাদের পুলিশ বাহিনীর মধ্যেও অনেকেই আক্রান্ত হয়েছেন। কোভিড আক্রান্ত হয়ে এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন এই পবিত্র রমজান মাসে আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং আক্রান্ত ও অুস্থদের দ্রুত সুস্থতা কামনা করি’-যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যে ৫ জন মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা। ঢাকার মধ্যে ৪ জন এবং দোহারে ১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে একজনের বয়স ১০ এর নিচে। যে শিশুটি মারা গেছে তারা কিডনি সমস্যা ছিল। অন্যদের মধ্যে ষাটোর্ধ্ব ১ জন এবং ৫১ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে ৩ জন।’
‘গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছে ৭৫ জন। এ পর্যন্ত ১ হাজার ১৬৪ জন। গত ২৪ ঘণ্টায় মুক্ত হয়েছেন ৪৪ জন, এ পর্যন্ত ৭০৯ জন। তারা সবাই প্রাতিষ্ঠানিক বা হাসপাতালে আইসোলেশনে ছিলেন।’
‘গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এসেছেন ২ হাজার ৮৯১ জন। এ পর্যন্ত ১ লক্ষ ৭৭ হাজার ৩১ জন। ২৪ ঘণ্টায় মুক্ত হয়েছেন ৩ হাজার ৯৬৩ জন। এ পর্যন্ত ৯৭ হাজার ১৩২ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭৯ হাজার ৮৯৯ জন।’
‘গত ২৪ ঘণ্টায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংগৃহিত হয়েছে ১৮ হাজার ১২২টি, এ পর্যন্ত ১৫ লক্ষ ৩২ হাজার ৩২১টি। ২৪ ঘণ্টায় বিতরণ হয়েছে ২৭ হাজার ৮০৫টি, এ পর্যন্ত ১২ লক্ষ ৩৮ হাজার ৩৮টি। মজুদ আছে ২ লক্ষ ৫৪ হাজার ২৭৪টি।’
ডা. সুলতানা বলেন, ‘একটি কথা আমি বারবার বলি, অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন আমাদের নমুনা পরীক্ষার কিট নিয়ে। আমরা আগেই পরীক্ষা কিটের নাম্বার জানিয়েছিলাম। আমাদের যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পিসিআরে পরীক্ষার কিট সংগৃহিত আছে। পরীক্ষার কিট নিয়ে কোনও সমস্যা নাই। আমরা ধারাবাহিকভাবে এটা আমদানি করে যাচ্ছি।’
এসময় তিনি প্রতিদিনের মতো সরকারের এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য পরামর্শগুলো তুলে ধরে সবাইকে এগুলো যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।