কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা কারাফটকে সদ্য বরখাস্ত হওয়া টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।
আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার জেলা কারাগারে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীর কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
চার সদস্যের এ তদন্ত কমিটিতে আরো আছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, রামু সেনানিবাসের জিওসি প্রতিনিধি এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের একজন প্রতিনিধি। এর আগে গতকাল রোববার (১৬ আগস্ট) টেকনাফের শামলাপুর সিআইসি অফিসে সিনহা হত্যার ঘটনা তদন্তে গণশুনানি করে তদন্ত কমিটি। নয়জন প্রত্যক্ষদর্শী গণশুনানিতে স্বাক্ষ্য দেন।