অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
নতুন সময় ডেস্ক : বিটিভিতে এক সময় প্রচার হয়েছে অনেক কালজয়ী নাটক; কিন্তু ক্রমান্বয়ে বিটিভি নাটকের ক্ষেত্রে তার জৌলুস হারিয়েছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য সম্প্রতি নতুন শিল্পীর পাশাপাশি শীর্ষস্থানীয় তারকা অভিনয়শিল্পীরাও অডিশনের মাধ্যমে বিটিভির তালিকাভুক্ত করেছে চ্যানেলটি। কিন্তু প্রতিষ্ঠিত এবং ব্যস্ত তারকাশিল্পীরা কি আদৌ বিটিভির স্বল্প পারিশ্রমিকে কাজ করবেন, কিংবা কাজ করার সময় পাবেন?
একুশ শতকের শুরুর দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আসার পর থেকে বিটিভির একচ্ছত্র আধিপত্য কিছুটা কমতে থাকে। এরপর তরুণ ও মেধাবী নাট্যনির্মাতাদের বিপুলসংখ্যক বেসরকারি চ্যানেলে ঝুঁকে পড়েন। বিটিভির জৌলুসও কমতে শুরু করে। আর যারা অভিনয়ে আসতে থাকেন তারাও বিটিভির পরিবর্তে বেসরকারি টিভি চ্যানেলে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
এভাবে ধীরে ধীরে মেধাশূন্য হতে শুরু করে বিটিভির নাটক। এক দশক আগে অডিশনের মাধ্যমে অভিনয়শিল্পী নির্বাচন কার্যক্রম পরিচালিত হলেও সেভাবে মেধাবী মুখ পাওয়া যায়নি সে সময়। তবে গত বছরের শেষ প্রান্তে এসে আবারও অডিশনের মাধ্যমে অভিনয়শিল্পী কার্যক্রম হাতে নেয় বিটিভি কর্তৃপক্ষ। নতুনদের সঙ্গে এবারও বেশকিছু অভিজ্ঞ ও পরীক্ষিত এবং তারকা নাট্যশিল্পীকে চূড়ান্তভাবে মনোনীত করেছে বিটিভি।
তারকাশিল্পীদের এ অডিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে এক ধরনের আলোচনা তৈরি হয়েছে নাট্যাঙ্গনে। কেউ কেউ প্রতিষ্ঠিত তারকাদের এ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করলেও যারা উত্তীর্ণ হয়েছেন, তারা ইতিবাচকভাবেই এ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম প্রায় দুই দশক থেকে নিয়মিত অভিনয় করছেন নাটকে। এ সময়ে এসে তিনিও অডিশন দিয়ে তালিকাভুক্ত হয়েছেন বিটিভিতে। তিনি বলেন, ‘আমাদের নিয়ম না মানার এ সংস্কৃতি আসলে ভালো নয়। নিয়মকে শ্রদ্ধা করার তো দরকার আছে। আমি যেহেতু এনলিস্টেড হতে চেয়েছি, তাই বিধি অনুযায়ীই কাজ করেছি। যদি ভালো গল্প পাই তাহলে অবশ্যই এখানে কাজ করব।
আমি যেহেতু পেশাদার অভিনেতা, তাই ভালো কাজের প্রতি লোভ থাকবেই। সময়ই বলে দেবে আমি কতটা কী করব। সময় পাব কি না সেটি আপাতত ভবিষ্যতের জন্য তোলা থাক।’
অভিনেত্রী জাকিয়া বারী মমও এবার তালিকাভুক্ত হয়েছেন। তিনি বলেন, ‘বিটিভি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম। অভিনয়ে আসার আগে থেকেই চ্যানেলটির প্রতি আগ্রহ তৈরি হয়। এবার সময়মতো খবর পাওয়ায় আবেদন করেছিলাম। পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছি। বেশ ভালো লাগছে। এখন থেকে নিয়মিতই বিটিভির নাটকে কাজ করব বলে আশা রাখছি। আর পারিশ্রমিকের বিষয়টি চ্যানেল কর্তৃপক্ষ কীভাবে নির্ধারণ করবে সেটি সময়ই বলে দেবে।’
শক্তিমান অভিনেতা শতাব্দী ওয়াদুদও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হয়েছেন। তিনি বলেন, ‘আমার পেশাই অভিনয় করা। এর আগে চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছি; কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের তালিকায় যদি আমার নাম না থাকে, তা আমার জন্য অসম্মানের হবে বলে মনে করেছি। তাই সেই আকাঙ্ক্ষা থেকেই অডিশন দিয়েছি এবং তালিকাভুক্ত হয়েছি।’
চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত ও জনপ্রিয় শাবনাজ। নিয়মিত মিডিয়ায় কাজ করার সময় বিটিভি নিয়ে তেমন ভাবনা না থাকলেও ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে বিটিভির তালিকাভুক্ত অভিনয়শিল্পী হয়েছেন। যদিও তিনি এখন চলচ্চিত্রেও অভিনয় করেন না। তিনি বলেন, ‘বিটিভির নাটকে কয়েকবার অভিনয় করেছি। অনেক গৌরবের সাক্ষী এ টিভি চ্যানেলের তালিকাভুক্ত অভিনয়শিল্পী হিসেবে নির্বাচিত হওয়ায় ভালো লাগছে।
এ স্বীকৃতি সম্মানের। কাজ করি কিংবা না করি, এটি অভিনয় জীবনের একটি মাইলফলক হয়ে থাকবে।’ প্রায় দুই দশক ধরে নাটকে অভিনয় করছেন মৌটুসী বিশ্বাস। অভিনয়ের দীর্ঘপথ অতিক্রম করে চলতি বছর বিটিভির তালিকাভুক্ত শিল্পী হলেন তিনি।
এ প্রসঙ্গে মৌটুসী বলেন, ‘অনেকদিন ধরে অভিনয়শিল্পী নেয়ার অডিশন হয় না। আমার ইচ্ছা ছিল আগে থেকেই। এবার আবেদন করতে পেরেছি, তাই পরীক্ষাও দিয়েছি। পরীক্ষা দিতে গিয়ে জনপ্রিয় অনেক অভিনয়শিল্পীদেরও দেখেছি। শুনেছি তারাও তালিকাভুক্ত হয়েছেন। ভালো লাগছে। তালিকাভুক্ত হওয়ার অনেক আগে থেকেই বিটিভির নাটকে অভিনয় করছি।’
অভিনেতা রওনক হাসান দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে বিটিভিতে তালিকাভুক্ত হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন টিভি নাটকে অভিনয় করে গেলাম; কিন্তু একমাত্র রাষ্ট্রীয় টিভি চ্যানেলের নিজস্ব শিল্পী হতে পারলাম না, এটি বেশ হতাশার একটি বিষয় মনে হয় আমার কাছে। সেই ভাবনা থেকেই এবার অডিশন দিয়েছিলাম; পাসও করলাম। ভালো লাগছে। আগে থেকেই বিটিভির নাটকে কাজ করছি। তখন ছিলাম অতিথি শিল্পী, এখন হয়েছি নিজস্ব শিল্পী। আর পারিশ্রমিকের বিষয়টি নিয়ে ভাবছি না।’
অভিনেত্রী শানারেই দেবী শানুও এবার তালিকাভুক্ত হয়েছেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই বিটিভি দেখে বড় হয়েছি। অভিনয়ে আসার পর বিটিভির নাটকে অনেকবার অভিনয়ও করেছি; কিন্তু এ প্রতিষ্ঠানের নিজস্ব শিল্পী হওয়ার খায়েশ অনেকদিনের। বেসরকারি অনেক সংগঠন কিংবা প্রতিষ্ঠানের সদস্য হয়েছি; কিন্তু সরকারি একটি গণমাধ্যমে আমার নাম থাকবে না, তা আমার ভালো লাগেনি। তাই পরীক্ষার সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সুযোগটা কাজে লাগিয়েছি।’
এদের পাশাপাশি এফএস নাঈম, নিলয় আলমগীর, জিনাত শানু স্বাগতার মতো পরিচিত অভিনয়শিল্পীরাও এ বছর তালিকাভুক্ত হয়েছেন। তবে তালিকভুক্ত তারকাশিল্পীরা তাদের বক্তব্যে সম্মানের কথা বললেও বেসরকারি মিডিয়ার চোখে পড়ার মতো পারিশ্রমিকের চেয়ে বিটিভির নাটকে তুলনামূলক কম পারিশ্রমিকে কতটা সময় দিয়ে কাজ করবেন কিংবা আদৌ করবেন কি না সেটি এড়িয়ে গেছেন। মুখে বললেও তারকাশিল্পীদের বিটিভির নাটকে আদৌ দেখা যাবে কি না, সেটিও এখন একটা বড় প্রশ্ন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au