জেকেজি'র চেয়ারম্যান সাবরিনা তিন দিনের রিমাণ্ডে
ঢাকা: করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে আটক জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফকে তিন দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। আজ সকালে আদালতে উপস্থাপন করে পুলিশ চার দিনের রিমাণ্ড দেয়ার জন্য আবেদন করে।
পরে আদালত সাবরিনা আরিফের তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করে। রোববার তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করার তথ্য দিয়েছিলো পুলিশ।
ওই দিনই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে তাকে বরখাস্ত করার আদেশ জারি করা হয়েছিল।
রোববার তাকে তলব করে জিজ্ঞাসাবাদের পর তেজগাঁও সার্কেলের অতিরিক্ত কমিশনার মাহমুদ খান নতুন সময়কে সাবরিনা আরিফের গ্রেফতারের খবর নিশ্চিত করেন।
“জেকেজি’র প্রধান নির্বাহী ও তার (সাবরিনা আরিফের) স্বামীকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে, ঐ একই মামলায় তাকেও গ্রেফতার করা হয়েছে।” মাহমুদ খান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ তলব করে এবং জিজ্ঞাসাবাদ শেষে মামলার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়।
করোনাভাইরাস পরীক্ষা করার অনুমোদন থাকলেও পরীক্ষা না করে ভুয়া ফলাফল দেয়ার অভিযোগে ২৩শে জুন জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীসহ প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়।
নতুন সময়/মামুন