ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের বেশিরভাগ অংশ এখন রাশিয়ার দখলে। তবে শহরটির আজভস্টাল ইস্পাত কারখানার নিয়ন্ত্রণ রয়েছে ইউক্রেনের সেনাদের হাতে। তবে বর্তমানে সেখানে থাকা ইউক্রেনীয় সেনারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের ঘিরে ধরেছে রুশ বাহিনী। শনিবার স্থানীয় সময় রাতে আজভস্টালে আটকে থাকা সেনা ও মিলিশিয়া বাহিনী আজভ ব্রিগেডকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছিল রাশিয়া।
কিন্তু সেই সময় অনুযায়ী রুশদের কাছে আত্মসমর্পণ করেনি অবরুদ্ধ থাকা সেনারা। সময় পেরিয়ে যাওয়ার পর আজভস্টালে হামলা চালানো শুরু করে রুশ বাহিনী ও রুশসমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। এরপর ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয় আজভস্টালে সেনাদের অবরুদ্ধ রেখে অমানবিক হামলা চালাচ্ছে রাশিয়া। তারা কাউকে বেরও হতে দিচ্ছে না। তাছাড়া রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, অল্প সময়ের মধ্যে আজভস্টালের ভেতরে ধংস্বযজ্ঞ চালাবে। আশ্রয় নেওয়া সেই সেনাদের খুঁজে বের করে আনবে।
আর ঠিক এমন সময় রাশিয়া ফের ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করে জীবন বাঁচানোর সুযোগ দিয়েছে। রাশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে আত্মসমর্পণ করার সময় শুরু হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মস্কোর সময় অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত আত্মসমর্পণ করা যাবে। তারা নতুন সময় বেঁধে দিয়ে বলেছে, যারা অস্ত্র ফেলে দেবেন নিশ্চয়তা দেওয়া হচ্ছে তারা বেঁচে থাকবেন।
সূত্র: আল জাজিরা