সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ে আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও থানায় বিভিন্ন তথ্য আসে। এসময় বাইসাইকেল গ্রামপুলিশের কাজে গতি আনবে বলে উল্লেখ করেন তিনি।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা এবং সরকারি বরাদ্দপ্রাপ্ত বাইসাইকেল বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন,মাদক প্রতিরোধে গ্রামপুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই বাহিনীর প্রতিষ্ঠার পর থেকেই। মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে কখনও মাথা নত না করার আহবান জানিয়ে তিনি বলেন, মাদক কারবারিদের সাথে আপস করলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এসময় তিনি মানুষের কল্যাণে এবং সমাজ রক্ষায় গ্রামপুলিশের সদস্যদের কাজ করার আহবান জানান।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সাপাহার উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান হোসেন এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৫৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।