মঙ্গলবার মধ্যরাতে ঘুমের মধ্যে চিরঘুমের দেশে চলে গেলেন বলিউডের বাঙালি সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী। ‘চিরদিনই তুমি যে আমার …’ গানের সুরকারের আরেকটি ভালোবাসা ছিল ফুটবলের প্রতি। দিয়েগো ম্যারাডোনার জন্য গান লিখেছিলেন। ‘লাভ ফর ফুটবল’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। গানটি লিখেছিলেনও নিজে।
প্রয়াত আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার অন্ধ ভক্ত ছিলেন বাপ্পি লাহিড়ী। ২০০৬ সালে ম্যারাডোনাকে নিয়ে নিজের লেখা ও গাওয়া একটি গান পরে দুবাইয়ে উপহার দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। কলকাতার ফুটবলে একসময়ের তিন প্রধানের অন্যতম ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য ছিলেন বাপ্পি লাহিড়ী।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শচীন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় শচীন একটি গানের কথা উল্লেখ করেন, যেটি তিনি বারবার শুনতেন। খেলার মাঝে নিজেদের চাপমুক্ত রাখতে ড্রেসিংরুমে গান শোনেন অনেক ক্রিকেটার। শচীন জানান, তিনি বাপ্পি লাহিড়ীর সুর করা ‘ডিসকো ড্যান্সার’ সিনেমার ‘ইয়াদ আ রাহা হ্যায়’ গান সাজঘরে বারবার শুনতেন। এই সংগীতশিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিরাট কোহলি, যুবরাজ সিং, হরভাজন সিং ও মোহাম্মদ আজহারউদ্দিনসহ ভারতের অনেক ক্রিকেটার।