তথ্য ও সম্প্রচার মন্ত্রীর প্রশ্ন দলের মধ্যেই শৃঙ্খলা নেই বিএনপি দেশ চালাবে কীভাবে?
ঢাকা: যাদের নিজেদের মধ্যেই শৃঙ্খলা নেই তারা কীভাবে দেশ চালাবে আর কীভাবেই-বা তাদের নেত্রীকে মুক্ত করবে? প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপি গত কিছুদিন ধরে খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশ পাঠানোর দাবিতে তারা সমাবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে। চেয়ার ভাঙচুর হচ্ছে, গতকাল আরও একধাপ এগিয়ে মঞ্চটাই ভেঙে ফেলেছে। যে মঞ্চে দাঁড়িয়ে নেতারা বক্তৃতা করবেন সেটা তাদের মারামারিতে ভেঙে গেছে। এছাড়াও চট্টগ্রামে যেখানে সমাবেশ ছিল সেখানে সংসদ সদস্য সরোয়ার জামান নিজামকে হেনস্তা করে টেনে হিঁচড়ে মঞ্চ থেকে নামানো হয়েছে। যারা নিজেদের সমাবেশ করতে পারে না সঠিকভাবে, মারামারি করে, মঞ্চ ভেঙে ফেলে তাতে মনে হচ্ছে দায়িত্ব পেলে গোটা দেশকেই ভেঙে ফেলবে তারা।
তিনি আরও বলেন, মির্জা আব্বাসসহ যে সমস্ত নেতারা জামিন নেওয়ার জন্য বোরকা পরে হাইকোর্টে যায়। পুরুষ হয়ে মহিলা বেশে হাইকোর্টে হাজির হয়। মির্জা আব্বাসও তাদের একজন ছিলেন। তারা যখন এ কথা বলেন, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে জেলের তালা ভেঙে হলেও বিদেশ নেওয়া হবে, তখন এ বক্তব্য হাস্যকর ছাড়া অন্য কোন কিছু নয়।
হাছান মাহমুদ আরও জানান, যুক্তরাষ্টের গুয়ানতানামো একটি কুখ্যাত কারাগার, যেখানে গত ২০ বছর ধরে বন্দিদের বিনা বিচারে রাখা হচ্ছে। ওই কারাগারে প্রচণ্ডভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। বছরের পর বছর সেখানে বন্দিদের রেখে নির্যাতন করা হয়। যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে মানবাধিকার রক্ষায় সোচ্চার হলেও তাদের নিজ দেশেই মানবাধিকার রক্ষায় ব্যর্থ।