বাঘারপাড়া প্রতিনিধি/জসিম: যশোরের বাঘারপাড়ার ৪নং নারিকেলবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকা প্রার্থী বাবলু সাহার নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ইউনিয়নের মালঞ্চী গ্রামে রোববার গভির রাতে এই ঘটনাটি ঘটে। জানা যায়, রাতে নৌকার সমর্থক মালঞ্চী গ্রামের মোক্তার হোসেন মোটর সাইকেল যোগে মালঞ্চী গ্রামের মালঞ্চী স্কুল মাঠ সংলগ্ন একটি নৌকার অফিসে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল সরদারের সমর্থকরা তাকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে নৌকার কয়েকজন সমর্থক এগিয়ে এলে আনারস প্রতীকের সমর্থকরা তাদের ওপরও হামলা চালায় ।
নৌকার কর্মী জাকির হোসেন জানান , হামলাকারীরা একই সাথে নৌকার নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। এ সময় মোক্তার হোসেন সহ আহত হয় নৌকার কর্মী মালঞ্চী গ্রামের আব্দুল লতিফের ছেলে তরিকুল ইসলাম ও সত্তার মোল্যার ছেলে শিমুল । নৌকা প্রার্থী বাবলু কুমার বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে থেকে আহতদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এর মধ্যে তরিকুলের বুকে ও মোক্তারের মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া রহমান জানান, আহত তিনজনের মধ্যে তরিকুল ও মোক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতরা জানান, ৮ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আলতাফ হোসেনের নেতৃত্বে ১৫/২০ জন এ হামলার ঘটনা ঘটিয়েছে। নৌকার নির্বাচনী কার্যালয় ভাংচুর ও নৌকার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীরা বিএনপি-জামাতের নেতা-কর্মী বলেও উল্লেখ করেন বাবলু সাহা।
অভিযোগ অস্বীকার করে আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের আবুল সরদার বলেন, এ ঘটনায় আমি কিছু জানি না। শুনেছি ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী আলতাফ হোসেন ও রবিউল ইসলামের মধ্যে আনারস ও নৌকা প্রতীকের ভোট করা নিয়ে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। আলতাফ হোসেন আমার অনুসারী হওয়ায় আমার ওপর এ অভিযোগ আনা হয়েছে।
ইউপি সদস্য প্রার্থী আলতাফ হোসেন ও রবিউল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। এখনও তারা কাজ করছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, তবে এ ঘটনায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল সরদার ও ৮ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আলতাফ হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নৌকার প্রার্থী বাবলু কুমার সাহা।ও সি বলেন, এ বিষয়টি নিয়ে অপরাধীদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নতুন সময়/টিটি