রোববারের দুবাই। নিউজিল্যান্ডের হার আট উইকেটে। টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বুধবারের জয়পুর। পাঁচ উইকেটে জয়ী ভারত। হার নিউজিল্যান্ডের। তিন দিন পর খেলতে নেমে কিউইদের একই ভাগ্যবরণ। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ ভারত এই ফরম্যাটে নিউজিল্যান্ডের কাছে সাত ম্যাচে হারার পর এই প্রথম জয়ী হলো। শেষবার গত ৩১ অক্টোবর দুবাইয়ে কিউইরা আট উইকেটে হারিয়েছিল বিরাট কোহলির দলকে। কোহলি নেতৃত্ব ছেড়ে দেয়ার পর রোহিত শর্মার ভারত তিন ম্যাচের
টি ২০ সিরিজ শুরু করল মধুর জয় দিয়ে। টসজয়ী নতুন অধিনায়ক রোহিত দুই রানের জন্য ফিফটি মিস করলেও সূর্যকুমার যাদব (৪০ বলে ৬২) হাফ সেঞ্চুরি হাতছাড়া করেননি। দুই বল হাতে রেখে ভারত (১৬৬/৫) টপকে যায় নিউজিল্যান্ডের (১৬৪/৬) রান। এই জয় দিয়ে শুরু করলেন ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়। ওদিকে বিশ্রামে থাকা নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের অনুপস্থিতিতে টিম সাউদির নেতৃত্ব ভারত সফর শুরু করা দলের দুই ব্যাটার মার্টিন গাপটিল (৭০) ও মার্ক চ্যাপম্যান (৬৩) আর কেউ রান পাননি।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১৬৪/৬, ২০ ওভারে (মার্টিন গাপটিল ৭০, মার্ক চ্যাপম্যান ৬৩, টিম সেইফার্ট ১২। ভুবনেশ্বর কুমার ২/২৪, রবিচন্দ্রন অশ্বিন ২/২৩)।
ভারত ১৬৬/৫, ১৯.৪ ওভারে (লোকেশ রাহুল ১৫, রোহিত শর্মা ৪৮, সূর্যকুমার যাদব
৬২, ঋষভ পন্ত ১৭*। ট্রেন্ট বোল্ট ২/৩১)।
ফল : ভারত ৫ উইকেটে জয়ী।