আইন আদালত

পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় ইকবালের সঙ্গে যাদের যোগসূত্র

  • 9:07 am - October 24, 2021

কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনার প্রধান অভিযুক্ত মো. ইকবাল হোসেনের সঙ্গে গ্রেপ্তার হওয়া বাকি তিনজনের দৃশ্যমান যোগসূত্র রয়েছে। পুলিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্রে বিষয়টি জানা গেছে। পুলিশ বলছে, তারা বিষয়টি এখনো খতিয়ে দেখছে। ইকবালকে গতকাল সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গ্রেপ্তার বাকি তিনজনের একজন হলেন ঘটনার দিন সকালে জাতীয় জরুরি সেবার হেল্পডেস্ক নম্বর ৯৯৯-এ ফোন করা ইকরাম হোসেন। অন্য দুজন হলেন যে মাজার মসজিদ থেকে ইকবাল কোরআন শরিফ নিয়ে মণ্ডপে রাখেন, সেই মাজারের সহকারী খাদেম মো. হুমায়ুন কবির ও মো. ফয়সাল আহমেদ। এই চারজনকে কোরআন অবমাননার কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কোতোয়ালি মডেল থানায় করা মামলাটির বাদী উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে কোরআন শরিফ রেখে আসার কথা স্বীকার করা ছাড়া ইকবাল আর কোন তথ্য দেননি বলে পুলিশ জানিয়েছে। অন্য তিনজনের কাছ থেকে কোন তথ্য পাওয়া গেছে কি-না সেটাও পুলিশের কাছ থেকে জানা যায়নি।

ঘটনাটি ফেসবুকে লাইভ করা ফয়েজ আহমেদ দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের সমুদ্রসৈকত থেকে ইকবালকে আটক করে পুলিশ। পরদিন শুক্রবার দুপুরে তাকে কুমিল্লা পুলিশ লাইনে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ইকবালকে পুলিশ লাইনে নেওয়ার আধাঘণ্টা পর পুলিশ জানায়, তিনি পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে আসার বিষয়টি স্বীকার করেছেন। তবে এর পেছনে কেউ আছে কি-না তা তিনি বলেননি। অন্য তিনজনের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি না, সেটাও পুলিশের কাছ থেকে জানা যায়নি।

কুমিল্লার ওই ঘটনার জের ধরে চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ-মন্দিরে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় মোট আটজন নিহত হয়েছেন। কুমিল্লার ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলায় গ্রেপ্তার হয়েছেন ৪৭ জন। ইকবালের সঙ্গে বাকি তিনজনের সম্পর্ক : পুলিশের প্রকাশ করা ১৬ মিনিট ৫২ সেকেন্ডের ক্লোজ সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরার ফুটেজের একটি অংশে দেখা গেছে, ইকবাল মণ্ডপে কোরআন রেখে গদা কাঁধে নিয়ে ফেরার সময় ইকরামও নানুয়ার দীঘির পাড়ে অবস্থান করছিলেন। আশপাশে নজর রাখছিলেন।

তারা দুজনই মাদকাসক্ত। তারা নিয়মিত নানুয়ার দীঘির পাড়ের কাছে শাহ আবদুল্লাহ গাজীপুরির (রহ.) মাজারে আসা-যাওয়া করতেন। ফলে মাজার ও এর মসজিদের সহকারী খাদেম হিসেবে পরিচিত মো. হুমায়ুন কবির ও মো. ফয়সাল আহমেদের সঙ্গে তাদের সখ্য গড়ে ওঠে। হুমায়ুন ও ফয়সাল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা নামের একটি সংগঠনের সক্রিয় কর্মী।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, মণ্ডপে কোরআন রাখার ঘটনায় সরাসরি জড়িত ইকরাম। মণ্ডপে কোরআন রাখেন ইকবাল। আর ইকরামের দায়িত্ব ছিল ভোরে বিষয়টি পুলিশকে জানানোর। সে অনুযায়ী তিনি ৯৯৯-এ ফোন করেন। এ ছাড়া ঘটনার খবরে যখন উত্তেজনা ছড়িয়ে পড়ে, তখন তারা দুজনই পূজামণ্ডপে ছিলেন। তারা মানুষকে উসকে দিয়েছেন এবং নিজেরাও সহিংসতায় অংশ নিয়েছেন।

জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ জানান, ‘আগে থেকে ইকবাল ও ইকরামের মধ্যে সম্পর্ক থাকার বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তাদের জিজ্ঞাসাবাদ করছি।’ স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরাম নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারিপট্টি এলাকার রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে। তিনি বিবাহিত হলেও স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই। ইকরাম আগে কাজ করতেন পাইপ মিস্ত্রি হিসেবে। আর ইকবাল নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর-লস্করপুকুর (সুজানগর) এলাকার মাছ ব্যবসায়ী নূর আহম্মদ ওরফে আলমের ছেলে। ইকবাল ও ইকরামের বাসার দূরত্ব প্রায় আধাকিলোমিটার।

ইকরামের ফেসবুক : ইকরাম নিজেকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কুর কর্মী হিসেবে পরিচয় দিতেন। স্থানীয় একাধিক ব্যক্তি বলেছেন, ইকরাম নিয়মিত বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতেন। ইকরামের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বিষয়টি পরিষ্কার হওয়া গেছে। তার ফেসবুক অ্যাকাউন্টি রেজাউল হোসাইন ইকরাম নামে রয়েছে। অ্যাকাউন্টটি লক করে রেখেছেন তিনি।

তার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব রয়েছে এমন একজনের মাধ্যমে শনিবার দুপুরে ইকরামের অ্যাকাউন্টটি ঘেঁটে দেখা গেছে, তিনি নিয়মিত দলীয় বিষয়ে ফেসবুকে লেখা, ছবি ও ভিডিও পোস্ট করতেন। তিনি ২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সময় মেয়র সাক্কুর নির্বাচনী পোস্টার তার প্রোফাইল ফটো হিসেবে দিয়েছেন কয়েকবার। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রয়াত বিএনপি নেতা আকবর হোসেনকে নিয়েও বেশ কিছু পোস্ট করেছেন তিনি।

জানতে চাইলে বিএনপি নেতা ও সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু জানান, ‘আমি ব্যক্তিগতভাবে ইকরামকে চিনি না। শুনেছি তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমার সঙ্গে তার ব্যক্তিগত বা দলীয় কোনো যোগাযোগ নেই। সে বিএনপি করতে পারে, তবে আমি জানি না। আমি চাই, এই ঘটনায় জড়িতরা যে দলেরই হোক না কেন, তাদের সবার বিচার হোক।’

যা বললেন কাউন্সিলর সোহেল : ঘটনার দিন নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল। যদিও ঘটনাটি ঘটেছে ১২ নম্বর ওয়ার্ডে। তিনি অভিযুক্ত ইকবালের পরিবারকে সাহায্য-সহযোগিতা করেন বলেও গণমাধ্যম খবর বের হয়েছে। সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র। গতকাল সন্ধ্যায় ইকবাল প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু আমি না, পুরো এলাকার মানুষ জানে ইকবালের মাথায় সমস্যা আছে।

মাথায় সমস্যা না থাকলে একটি মানুষ কীভাবে কবরস্থান-বাথরুমে ঘুমাতে পারে?’ বিভিন্ন পত্রিকায় তাঁর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে এই ওয়ার্ড কাউন্সিলর বলেন, ‘ঘটনার দিন যখন খবর পেলাম, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখন আমি নেতাদের নির্দেশে সেখানে গিয়েছি। এরপর আমাদের নেতা এমপি বাহারের নির্দেশে তিন দিন লোকজন দিয়ে এলাকার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পাহারা দিয়েছি। এতে আমার এক লাখ টাকা খরচ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি জনপ্রতিনিধি, সবাই আমার কাছে ভালো। গত রমজানে ইকবালের বাবা পরিবার নিয়ে খেতে পারছিল না। তখন তাকে চার হাজার টাকা দিয়েছি তরকারির ব্যবসা করার জন্য। কাউকে সহযোগিতা করা কি অন্যায়? আমার সোজা কথা, এ ঘটনায় জড়িত সবার কঠোর শাস্তি চাই।’ আর ঘটনাস্থলে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইমরান বাচ্চু বলেন, কোতোয়ালি থানার ওসির ফোন পেয়ে তিনি সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে যান। এরপর প্রায় তিন ঘণ্টা প্রশাসনের সঙ্গে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। কিন্তু সকাল ১১টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পুলিশ বলছে ভিন্ন কথা : ইকবালকে ‘ভবঘুরে’ ও ‘মানসিক ভারসাম্যহীন’ বলা হচ্ছে কেন, গতকাল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ বলেন, ‘আমাদের কাছে তাকে এমনটা মনে হয়নি। আমরা তাকে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের আরো একটু সময় লাগবে। শিগগিরই বিস্তারিত জানাতে পারব বলে আশা করছি।’ তানভীর আহমেদ আরো বলেন, ‘ইকবাল গদাটি এলাকার একটি পুকুরে ফেলে দিয়েছেন বলে আমাদের কাছে স্বীকার করেছেন। আমরা তাকে নিয়ে সেটি উদ্ধারের চেষ্টা করছি।’

এই পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার দিন সকাল থেকেই ইকবাল ও ইকরাম পূজামণ্ডপে ছিলেন। তারা মণ্ডপে হামলা করার জন্য মানুষকে উসকে দিয়েছেন। এ ছাড়া নিজেরাও সরাসরি সহিংসতায় অংশ নিয়েছেন। ঘটনার পর ইকবাল যখন বুঝতে পেরেছেন তাকে সন্দেহ করা হচ্ছে। তখনই তিনি কুমিল্লা থেকে পালিয়ে যান। কুমিল্লা রেলস্টেশন থেকে প্রথমে ট্রেনে করে চট্টগ্রাম গেছেন, এরপর ভেঙে ভেঙে কক্সবাজার গেছেন।

চারজনের সাত দিনের রিমান্ড : শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে গ্রেপ্তারকৃত চারজনকে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই মফিজুল ইসলাম তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত (রিমান্ড) চেয়ে আবেদন করেন। শুনানি শেষ বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফয়েজের স্বীকারোক্তি : ঘটনাটি তাৎক্ষণিকভাবে ফেসবুক লাইভে প্রচার করার কথা স্বীকার করেছেন মো. ফয়েজ আহমেদ। এমনটাই দাবি করেছেন কুমিল্লার অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান।

শুক্রবার বিকেলে কুমিল্লার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মিথিলা জাহান নিপার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফয়েজ, পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ঘটনার দিন সন্ধ্যায় পুলিশ ফয়েজকে আটক করে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। ১৬ অক্টোবর পুলিশ থেকে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।

সূত্র : কালের কণ্ঠ

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au