সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচনে সাপাহার উপজেলার ৬ নং শিরন্টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আবারও আওয়ামী লীগের মনোনয়ন ও দলীয় প্রতীক নৌকা পেতে ইচ্ছুক ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (আলতাব মাস্টার)। তিনি ২০১৬ সালে শিরন্টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। বর্তমানে তিনি একটি মাদরাসায় সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।
তিনি বলেন, আমি ১৯৮৫ সালে ছাত্র লীগের কর্মী হিসাবে রাজনীতিতে পদার্পণ করি। এরপর ২০০৩ সাল হতে ২০১২ সাল পর্যন্ত শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে ২০১২ সাল হতে ২০২০ সাল পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ নির্দেশিত সকল কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড সততা ও নিষ্ঠা’র সাথে পালন করে আসছি।
বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছি। একজন শিক্ষক হিসাবে এবং রাজনৈতিক ভাবে বিশেষ অবদান রাখার সুবাদে দলীয় নেতা-কর্মী, সুধীসমাজ সহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক পরিচিতি অর্জনের মধ্যদিয়ে এলাকায় সর্বমহলে একটি সু-সম্পর্ক গড়ে ওঠে বলে দাবী করেন তিনি।
যার ফলে এলাকার উন্নয়নের স্বার্থে এবং ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দানে আসন্ন ইউপি নির্বাচনে শিরন্টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন এবং দলীয় প্রতীক নৌকা পেতে ইচ্ছুক তিনি বলে জানান।
মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা বাহক হিসাবে স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দিক নির্দেশনায় শিরন্টি ইউনিয়ন পরিষদকে যুগপোযুগী ও একটি অাধুনিক পরিষদ গঠন করার মাধ্যমে জনসেবার মানোন্নয়নে বিশেষ ভূমি রাখবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া, আর্শীবাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন তিনি।