সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করলেন। আজ ১৪ই ফেব্রুয়ারী রবিবার পৌর নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এ ফলাফল ঘোষনা করেন নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র।
তিনি ১৫ হাজার ৭৪১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি প্রার্থী মোঃ ওজিউল ইসলাম মিয়া ধানের শীষ প্রতিক নিয়ে ৯ হাজার ৯৯৯ ভোট পান। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন পান ৫৪২ ভোট।
শিবগঞ্জ পৌর নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র তথ্যমতে, সৈয়দ মনিরুল ইসলাম ৫ হাজার ৭৪২ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হন। এ নির্বাচনে শতকরা ৭৯ দশমিক ১২৪ ভাগ ভোট পড়েছে। আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীসহ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৬ জন, মহিলা সংরক্ষিত আসনে ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
তথ্যে আরো জানানো হয়, মোট ৩২ হাজার ৯৭৯জন ভোটারের মধ্যে ১৬ হাজার ৪৩২ জন পুরুষ এবং ১৬ হাজার ৫৪৭ জন মহিলা ভোটার ছিলেন। জেলায় প্রথম বারের মতো শিবগঞ্জ পৌরসভায় ই.ভি.এমে ভোট গ্রহণ করা হলো।