সেতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ১৪ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে বড় দুই দলের মনোনীত প্রার্থীরা মাঠ চুষে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এসময় প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানামুখী উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি।
বাংলাদেশ আ’লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ওজিউল ইসলাম মীঞা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন। প্রার্থীরা নিজের পক্ষে ভোটারদের মনোযোগী করে তোলার জন্য সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছেন মাঠ পর্যায়ে। নিজের পক্ষে ভোট সংগ্রহের জন্য দিচ্ছেন নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি। বড় দুই দলেরই প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
নির্বাচনকে নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ওজিউল ইসলাম মিয়া বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমার প্রতি ভোটারদের অগাধ ভালোবাসা আছে তার কারনে ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি।
অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।