গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ১২৫১
ঢাকা: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ৩৭০ জনের। নতুন করে ১২৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হলেন ২৫ হাজার ১২১ জন। সুস্থ হয়েছেন ৪০৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৪ হাজার ৮৯২ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরো ৯ হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৪৪৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৯৩ হাজার ৬৪৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরো ১ হাজার ২৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১২১ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করছেন আরো ২১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৪০৮ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৯৯৩ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যারা মারা যাওয়াদের মধ্যে রয়েছেন- ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে চার জন, ময়মনসিংহ বিভাগে একজন, খুলনা বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন। বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। হাসপাতালে মারা গেছেন ১৩ জন, বাসায় মারা গেছেন তিন জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন পাঁচ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩২৬ জনকে। বর্তমানে মোট আইসোলেশনে আছেন তিন হাজার ৬১৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৩ জন, এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৯৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন করা হয়েছে তিন হাজার ৫৩১ জনকে। এখন পর্যন্ত দুই লাখ ৪৭ হাজার ৪৯১ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৪০২ জন। এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৬ হাজার ২৭৪ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫১ হাজার ২১৭ জন।
গত সোমবারের (১৮ মে) বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। নয় হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৬০২ জনের দেহে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সে হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু হয়েছে সমানসংখ্যক মানুষের।
তিনি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বকেই কাঁপিয়ে দিচ্ছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪৯ লাখ। মৃতের সংখ্যা তিন লাখ ২০ হাজার ছাড়িয়েছে। তবে ১৯ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।