স্বার্থান্বেষী মহল কাল্পনিক অপপ্রচারে লিপ্ত: কাদের
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক, উদ্দেশ্যমুলক অপপ্রচারে লিপ্ত রয়েছে।’
শুক্রবার (১৫ মে) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটি আয়োজিত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রতিনিধির মাধ্যমে করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণের আগে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যারা মৃত্যুবরণ করছে ঢালাওভাবে বলা হচ্ছে সবাই করোনায় মৃত্যু। প্রকৃতি পক্ষে মৃত্যুর পর যাদের পরীক্ষা করা হচ্ছে পজেটিভ-নেগেটিভ দুটোই আসছে। মৃত্যুর পর তাদের পরীক্ষা করা হচ্ছে, দেখেশুনে করা হচ্ছে। অনেকে নানান শারীরিক জটিলতা স্বাভাবিক মৃত্যুবরণ করছে। এসকল মৃত্যুর নিয়েও মিথ্যাচার করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে।’
ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য। জাতীয় তথ্যভাণ্ডারে সুরক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক টুইস্ট করে অপপ্রচার মূলক কথা, গুজব, রটনা করে যাচ্ছে। নানা অপরাধমূলক কাজে উস্কানি দিচ্ছে। তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয়ে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তবে আইন যাতে অপপ্রয়োগ না হয়, সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সজাগ রয়েছে। আইনের অপপ্রয়োগ হলে সরকারের সংশ্লিষ্ট মহলে জানানোর জন্য আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘করোনা ভাইরাস জনিত সৃষ্ট এ সংকটে ক্রাসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ৭৫ পরবর্তী ইতিহাসে নজিরবিহীন।’
সড়কমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ইতিমধ্যে ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এছাড়াও ১ কোটি মানুষের মাঝে রেশন কার্ড চালু করা হয়েছে এবং ৫০ লাখ মানুষের মাঝে নগদ সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। ঈদকে সামনে রেখে এসকল উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’
পরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাঝে প্রতিনিধির মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য একেএম রহমতুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা ও উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ অনেকে।