করোনাযুদ্ধে’ জয়ী হলেন আরও ৭২ পুলিশ
ঢাকা: করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখপানে যুদ্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে আরও ৭২ জন সুস্থ হয়েছেন।
রবিবার (১০ মে) দুপুরে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এ নিয়ে পুলিশে মোট সুস্থ হলেন ১৪৭ জন।
পুলিশ সদর দফতর জানায়, সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী এই ৭২ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেয়।
এর আগে তারা করোনার উপসর্গ নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।
এদিকে পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখভালের জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে মনে করে সদর দফতর।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জন সম্মুখযোদ্ধা পুলিশ কর্মকর্তা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯৪ জনে। গতকালও ৮০ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৭ জন পুলিশ সদস্য।