বাংলাদেশে তিন প্রকল্পে জাপানের ২.৪০ কোটি টাকা অনুদান
ঢাকা: জাপান সরকার তৃণমূলে মানব সুরক্ষা প্রকল্পের (জিজিএউচপি) আওতায় তিনটি বাংলাদেশি এনজিওকে দুই কোটি ৪০ লাখ টাকা অনুদান দিয়েছে।
সোমবার (৪ মে) ঢাকায় অবস্থিত জাপানি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুদানপ্রাপ্ত এনজিওগুলো হলো- ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস), প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন (প্রিজম) এবং ট্রাস্ট ফর দ্য রিহ্যাবিলিয়েশন অব দ্য প্যারালাইজড (টিআরপি)।
বগুড়া জেলায় কাজ করা টিএমএসএস ও রাজশাহীতে কাজ করা প্রিজমকে ৭০ লাখ করে এবং মৌলভীবাজার জেলায় কাজ করা টিআরপিকে এক কোটি টাকা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, জাপান সরকার ১৯৮৯ সাল থেকে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা উন্নয়নের জন্য গ্র্যান্ড অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি (জিজিএইচএসপি) প্রকল্পের আওতায় ১৯৭টি এনজিও প্রকল্পে অর্থায়ন করেছে। এরইমধ্যে এই প্রকল্পের আওতায় বাংলাদেশে কর্মরত বিভিন্ন এনজিওকে মোট প্রায় ১৫ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে।