সরকার পুরনো বাকশালের পুনরুত্থান ঘটিয়েছে: বিএনপি
ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেই তারা একেক সময়ে একেক তুঘলকি সিদ্ধান্ত নিচ্ছে।
সোমবার দুপুরে রাজধানীতে দুঃস্থ ও কর্মহীন মানুষের মধ্যে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণের কর্মসূচির উদ্বোধনকালে এই অভিযোগ করেন করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘‘এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, মানুষের মধ্যে আশা সৃষ্টির করার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। তারা একেক সময় একেকটা তুঘলকি সিদ্ধান্ত নেয়। কিছুদিন আগে সিদ্ধান্ত নিলো যে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ করলো, কিন্তু দুইদিন পরে গণ-পরিবহন খোলা রাখলো। ফলে সব কিন্তু গ্রামের মধ্যে দেশের মধ্যে সারা জায়গায় ছড়িয়ে পড়লো। এই বিষয়গুলো আজকে সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”
‘‘ আবার আজকে গার্মেন্টস খুলেছে, কিন্তু গার্মেন্টস কর্মৗদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার ব্যবস্থা নেই। গার্মেন্টস কর্মীদের এখন আবার অনেকেই আক্রান্ত হওয়া শুরু হয়েছে ঢাকার সাভারে, আশুলিয়ায়, গাজীপুরে নারায়ণগঞ্জে। অর্থাৎ সরকার ব্যর্থ হয়েছে গার্মেন্টস মালিকদের তাদের শ্রমিকদের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা গ্রহণ করার ক্ষেত্রে।”
ফখরুল বলেন, ‘‘ আজকের এই দুঃসময়ে আমি কোনো সমালোচনা করতে চাই না। শুধু যে ক্রটিগুলো, যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা মনে করি যে, এই ত্রুটিগুলো দেখে মানুষকে এক করে, সবাইকে একত্রিত করে, ঐক্যবদ্ধ করে সকল মানুষকে নিয়ে আজকে এই দুযোর্গ মোকাবেলা করতে হবে।”
‘সরকার সঠিক পথ দেখাচ্ছে না’ মন্তব্য করে ফখরুল বলেন, ‘‘ আজকে সারা বাংলাদেশের মানুষ সংগ্রাম করছে, লড়াই করছে এই অসুখ থেকে বাঁচার জন্য। কী দুর্ভাগ্য আমাদের যে, সরকার… যাদের থেকে মানুষ আশা করে যে, দুযোর্গের দিনে, দুঃসময়ের দিনে তারা সঠিক পথ দেখাবে…কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার আমাদের সঠিক পথ দেখাতে পারেনি।”
দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ২৬ মার্চ থেকে শুরু হওয়া এ ছুটি এখনও চলছে। সর্বশেষ এ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়তে পারে বলে ইঙ্গিত রয়েছে।