রাকিবুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি : সরকারী বাসভবনে প্রবেশ করে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর হামলার ঘটনায় রবিউল ইসলাম নামে সাবেক সরকারী কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রবিউল পুলিশের নিকট প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছে। এছাড়াও ইউএনওর বাসভবনের নৈশ্যপ্রহরী নাদিম হোসেন পলাশকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজ শনিবার বিকেলে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। গতকাল শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল ইসলাম জেলার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে।প্রেস ব্রিফিংয়ে ডিআইজি দেবদাস ভট্টাচার্য জানান, গেল ২ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার ঘটনা ঘটেছে।
এই ঘটনার পর থেকে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিউল ইসলাম নামে সাময়িক বরখাস্ত হওয়া সরকারী কর্মচারীকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার রবিউল প্রাথমিকভাবে পুলিশের কাছে নিজের দায় স্বীকার করেছে।
তার তথ্যের ভিত্তিতে আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি। এছাড়া তার বক্তব্য ও জব্দ করা সিসিটিভ ফুটেজের সাথে মিল পাওয়া গেছে। আমরা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে তার রিমান্ড আবেদন করব।
প্রেস ব্রিফিং শেষে গ্রেফতার রবিউল ও এই মামলার প্রধান আসামী রবিউল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়। এছাড়াও ইউএনওর বাসভবনের নৈশ্যপ্রহরী নাদিম হোসেন পলাশকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।