বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে এক সময় সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাটরিনা কাইফ। তাদের বিয়ের গুঞ্জনও ছড়িয়েছে অনেকবার। তবে সেই গুঞ্জনকে পেছনে ফেলে আরেক অভিনতা ভিকি কৌশলকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা। আসছে ১৪ ফেব্রুয়ারি হতে যাচ্ছে বিয়ের পর ক্যাটরিনার প্রথম ভালোবাসা দিবস।
এ কারণেই ভক্তদের আগ্রহ এবারের ভালোবাসা দিবস কোথায় এবং কীভাবে কাটাবেন এই নব-দম্পতি? জানা গেছে, বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস স্বামী ভিকির সঙ্গে কাটাতে পারছেন না ক্যাটরিনা। বিশেষ এ দিনটি সাবেক প্রেমিক সালমানের সঙ্গেই কাটবে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার নায়িকার। তবে তারা একান্তে সময় কাটাতে যাচ্ছেন না।
চলতি মাসে ‘টাইগার থ্রি’র শেষ লটের শুটিংয়ের শিডিউল দিয়ে রেখেছেন সালমান খান ও ক্যাটরিনা। সেই মোতাবেক সিনেমাটির শুটিংয়ের ফাঁকেই ভালোবাসা দিবস কেটে যাবে এই দুই তারকার। এ বিষয়ে আরও জানা যায়, শুটিং শুরুর পর টানা ১৫ দিন চলবে। ১২ বা ১৩ ফেব্রুয়ারি মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে উড়াল দেবেন সালমান ও ক্যাটরিনা। আর শুটিং শুরু হবে ১৪ ফেব্রুয়ারি।