সিটি করপোরেশন সবসময়ই ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়নে পাশে আছে: মেয়র তাপস
ঢাকা; প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে (সনাতন ধর্ম) হিন্দু ধর্মের পূজারীদের সুবিধার্থে লিফট স্থাপনসহ অন্যান্য আনুষঙ্গিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এসময় মেয়র বলেন, সিটি করপোরেশন সবসময়ই ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়নে পাশে আছে।
বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে চলমান দুর্গাপূজা উদযাপন কার্যক্রম পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা জানান।
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী মন্দিরের মূল ভবনে পূজারীদের সুবিধার্থে একটি লিফটসহ অন্যান্য আনুষঙ্গিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই এ কার্যক্রম সমাপ্ত হবে। তিনি আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সবসময়ই ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়নে পাশে আছে। তারই ধারাবাহিকতায় অব্যহত থাকবে।
মেয়র বলেন, বরাবরের মতো এবারও করপোরেশন এলাকার সকল পূজামণ্ডপকে সহযোগিতা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বরাবরই ঢাকা শহরে যতগুলো পূজামণ্ডপ আছে, সেগুলোকে সহযোগিতা করে থাকে। এবারও ঢাকেশ্বরী মন্দিরসহ দক্ষিণ সিটিতে যেসকল মন্দির ও মণ্ডপে পূজা আয়োজন করা হচ্ছে, সেগুলোকে অনুদান প্রদান করা হয়েছে। আপনারা যে কোন সময় যে কোন বিষয়ে আমাদেরকে জানালে, আমরা আপনাদের পাশে থাকবো।
অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার তাপস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস কার্যক্রমের ফলে বাংলাদেশ আজ সারা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে সমাদৃত বলে মন্তব্য করেন। মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় উপস্থিত সকল পূজারীসহ হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, দক্ষিণ সিটির ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আব্দাল আজিজ, দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম প্রমুখ ।
এসময় দেখা যায়, দক্ষিণের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শন করতে আসা সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানান। এবং তিনি মেয়রের নির্দেশে সাধারণ মানুষকে সচেতন করেন এবং স্বাস্থ্য সরঞ্জাম মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
প্রসঙ্গত , দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ১ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে লিফট, লিফটকোর, জেনারেটর স্থাপনসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম বাস্তবায়নাধীন।
উল্লেখ্য, এছাড়াও পূজা উপলক্ষে দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১৪৮টি মন্দির ও পূজামণ্ডপকে করপোরেশন হতে অনুদান প্রদান করা হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে ৫ লাখ টাকা, রামকৃষ্ণ মিশনকে দেড় লাখ টাকা এবং বাকি মন্দির ও মণ্ডপগুলোর প্রতিটিকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডলের সঞ্চালনায় এবং কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের পর ঢাদসিক মেয়র রামকৃষ্ণ মিশন মন্দির, শাঁখারীবাজার কালিমন্দির সংলগ্ন প্রতিদ্বন্দ্বি ক্লাব, ওয়ারী সর্বজনীন পূজা মণ্ডপ এবং গেন্ডারিয়ার শ্রী শ্রী শিবমন্দির শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেন।
নতুন সময়/টিআই