নতুন সময় ডেস্ক : দলকে খাদের কিনারা থেকে তোলার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন লিটন দাস। সঙ্গী হিসেবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন-মাহমুদউল্লাহ জুটিতে দেড় শ ছাড়িয়েছে টাইগাররা। এরই মধ্যে ক্যারিয়ারের ৪র্থ হাফসেঞ্চুরি তুলে নিলেন লিটন।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে প্রথম ওয়ানডে ম্যাচে তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন লিটন। কিন্তু শুরু থেকেই সতীর্থদের আসা-যাওয়া দেখেছেন। ৭৪ রান না পেরুতেই চোখের সামনে দিয়ে টপঅর্ডারের চারজন ব্যাটসম্যানকে আউট হতে দেখেন।
তৃতীয় ওভারে শূন্য রানে আউট হন তামিম। তখনই সতর্ক হয়ে যান। তামিমের পর সাকিব, মিঠুন ও মোসাদ্দেক যখন অবিবেচকের মতো শট খেলে আউট হয়েছেন লিটন তখনও দেখেশুনে খেলেন।
যার ফল পেলেন। ৭৯ বল মোকাবিলা করে অর্ধশতক রানে পৌঁছুলেন লিটন দাস। লিটন-মাহমুদউল্লাহর সতর্ক জুটি এখন পর্যন্ত ৭০ রান জমা করেছে স্কোরবোর্ডে।
এ প্রতিবেদন লেখার সময় ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৫১ রান।