নতুন সময় ডেস্ক : মঙ্গলবার আইপিএলের পঞ্চম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর বুধবার ষষ্ঠ ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া করল সানরাইজার্স হায়দরাবাদ। এ যেন আগের ম্যাচেরই পুনঃমঞ্চায়ন! বুধবার (১৪ এপ্রিল) রাতে আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ব্যাঙ্গালোর জড়ো করে ১৪৯ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪১ বলের মোকাবেলায় ৫টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। আইপিএলে টানা ৪১ ইনিংস পর অর্ধশতক পেলেন অজি তারকা। এছাড়া ২৯ বলে ৩৩ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। হায়দরাবাদের পক্ষে জেসন হোল্ডার তিনটি ও ১৮ রানের খরচায় রশিদ খান দুটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহাকে হারায় হায়দরাবাদ। তবে প্রতিরোধ গড়ে তোলেন ডেভিড ওয়ার্নার ও মানিশ পান্ডে। ওয়ার্নার মারকুটে ব্যাটিংয়ের প্রচেষ্টা চালালেও ধীরালয়ে ছিলেন মানিশ। ৭টি চার ও ১টি ছক্কায় ৩৭ বলে ৫৪ রান করে দলীয় ৯৬ রানে সাজঘরে ফেরেন ওয়ার্নার। ম্যাচ তখনও হায়দরাবাদের নিয়ন্ত্রণেই ছিল।
মানিশকে সঙ্গী করে দেখেশুনেই খেলছিলেন জনি বেয়ারস্টো। তবে দলীয় ১১৫ রানেই আউট হন ১৩ বলে ১২ রান করা বেয়ারস্টো। পরের বলে বড় শট হাঁকাতে গিয়ে ৩৯ বলে ৩৮ রান করে বিদায় নেন মানিশও। আর এতেই ম্যাচ চলে যায় ব্যাঙ্গালোরের নিয়ন্ত্রণে। ১৭তম ওভারে শাহবাজ আহমেদ মাত্র ১ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন। যাতে ১৩০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন মোট ৭ ব্যাটসম্যান। রশিদ খান চেষ্টা চালিয়েও ৯ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন।
শেষ ওভারে হায়দরাবাদের প্রয়োজন ছিল ১৬ রান। অষ্টম ও নবম উইকেট হারিয়ে সেই ওভারে ৯ রান জড়ো করে দলটি। যার ফলে বরণ করে নিতে হয় ৬ রানের পরাজয়। ব্যাঙ্গালোরের পক্ষে শাহবাজ তিনটি এবং মোহাম্মদ সিরাজ ও হার্শাল প্যাটেল দুটি করে উইকেট শিকার করেন। তবে ম্যাচ সেরা হন ম্যাক্সওয়েলই।
রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের ব্যাটিং লাইনআপ ভীষণ ভাবে দুইজন ক্রিকেটারের ওপর নির্ভরশীল। একজন স্বয়ং অধিনায়ক বিরাট কোহলি ও অন্যজন এবি ডি ভিলিয়ার্স। আরসিবি এমন একজন ব্যাটসম্যানের খোঁজে ছিল, যে তাদের দায়িত্বভার কম করতে পারবে।
কোহলি অনেকদিন ধরেই চেয়েছিলেন তার টিমে খেলুক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্য়াক্সওয়েল। কোহলি অস্ট্রেলিয়াতে গিয়েই সেই ভাবনা ম্যাক্সওয়েককে জানিয়ে ছিলেন। আরসিবি একটি ভিডিও ট্যুইট করেছে। আর সেখানেই এই কথা ফাঁস করলেন ম্যাক্সওয়েল।
গতবার আইপিএলে ম্যাক্সওয়েল ছিলেন নিস্প্রভ। এমনকি, পুরো টুর্নামেন্টে একটি ছয়ও মারতে পারেননি অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটসম্যান। গতবার ৩ ম্যাচে ১০৮ রান করেছিলেন তিনি। ৪ মেরেছিলেন ৯টি। কিন্তু এবার ম্যাক্সওয়েলের খেলছেন কোহলির দলের হয়ে। নিলাম যুদ্ধে চেন্নাইকে হারিয়ে ১৪.২৫ কোটি টাকা দিয়ে ম্যাক্সওয়েলকে ঘরে নেয় আরসিবি। ম্যাক্সওয়েল বলছেন, আমাদের মধ্যে ভালই টেক্সট চালাচালি হতো।
দেখাও করতাম। অস্ট্রেলিয়ায় ওয়ানডে ও টি-২০ সিরিজের পর আমার সঙ্গে কোহলির কথা হয়েছিল। সে আমাকে আরসিবির হয়ে খেলার সম্ভাবনার দিকটার কথা বলেছিল। কোহলি জানায় যে, আরসিবি আমাকে পেলে তার ভালো লাগবে। কিন্তু অবশ্যই সবটা নির্ভর করছে নিলামের ওপর। যদিও আরসিব-র হয়ে খেলার ব্যাপারে সে আগেই আমাকে বলেছিল। দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে আমি আরসিবির হয়ে খেলছি এখন।