সামাজিক দূরত্ব রেখে শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়াকে স্মরণ করছে বিএনপি
ঢাকা: নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং কবরে পুস্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করছে বিএনপি।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই থেকে এ্ই দিনকে ‘শাহাদাৎ দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।
৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১১টায় জাতীয় স্থায়ী কমিটির মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন।
নেতৃবৃন্দ বুকে কালো ব্যাজ ধারণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী দলের আহবায়ক মাওলানা শাহ নেছারুল হক।
প্রতিবছর এই দিনটিতে হাজার হাজার নেতা-কর্মী জিয়ার কবরে পুস্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করতো। এবার করোনা ভাইরাস সংক্রামণের কারণে বিএনপির স্থায়ী কমিটি শেরে বাংলানগরে কবরপ্রাঙ্গনে দলের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি না করার সিদ্ধান্ত নেয়।
দিবসটি শুরুতে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
বিকাল সাড়ে তিনটায় রয়েছে বিএনপির আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা এবং মহানগর বিএনপির উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে খাবার সামগ্রি ও বস্ত্র বিতরণের কর্মসূচি।
এছাড়া ১ জুন থেকে ১০ পর্যন্ত জিয়ার জীবন-কর্মের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়ভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা হবে।
দিবসটি উপলক্ষে বিএনপি সামাজিত যোগাযোগ মাধ্যমে জিয়ার ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করেছে ও কয়েকটি দৈনিকে বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হয়েছে।