নতুন সময় ডেস্ক : জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। আজ শনিবার (২৬ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে আব্দুল কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আব্দুল কাদের। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আবদুল কাদের। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে।
অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরে অবস্থিত সিএমসি হাসপাতালে নেওয়া হয়। তবে তার রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন ভারতের চিকিৎসকরা। পরে দেশে ফিরিয়ে এনে রাজধানীর এভারকেয়ার হাসপালে ভর্তি করা হয় কাদেরকে। সেখানে চলছিল তার চিকিৎসা। আজ সকালে সব চিকিৎসার ঊর্ধ্বে চলে যান তিনি।
আব্দুল কাদের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন। এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচিত মুখ তিনি। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি তুমুল জনপ্রিয় টেলিভিশনের পর্দায়।