ঈদের আগেই ঘরহীনদের ত্রাণ দেওয়ার আহ্বান কাদেরের
ঢাকা: মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে যারা ভাসমান ঘর নেই, খোলা আকাশের নিচে বসবাস করে, খুঁজে খুঁজে তাদের তালিকা করে ঈদের আগেই ত্রাণ সাহায্য দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে রাজধানী ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম সরকার বরদাস্ত করবে না। ত্রাণ বিতরণে যেই অনিয়ম করবে দলীয় পরিচয় হলেও রেহাই পাবে না।’
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে সারা দেশে করোনা সংকটের শুরু থেকেই দলীয় নেতাকর্মীরা জীবন বাজি রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ সময় এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সেতুমন্ত্রী আরো বলেন, ‘স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা করলে নিজেদের এবং চারপাশের মানুষের জীবনের গভীর অমানিশা ডেকে আনবে। ঈদকে সামনে রেখে মানুষের শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা করোনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।’
এ সময় শপিংমল, ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভিড় তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সীমাবদ্ধতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সফল হবে বলেও ভিডিও কনফারেন্সে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।