অবশেষে উদ্ধার করা হলো অস্ট্রেলিয়ার হারিয়ে যাওয়া ক্লেও স্মিথ নামের চার বছরের সেই শিশুকে। একটি বাড়িতে শিশুটিকে আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। অস্ট্রেলিয়ার একটি সমুদ্র সৈকতের ক্যাম্প থেকে ওই শিশুটি নিখোঁজ হয়। অবকাশ যাপনের জন্য দেশটির পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় গিয়েছিল শিশুটির পরিবার। খবর বিবিসির। শিশুটি তার মা এলাই স্মিথের সঙ্গে ক্যাম্পের একটি তাঁবুতে ঘুমিয়ে ছিল। ১৮ অক্টোবর সকালে তাকে তাঁবুর মধ্যে দেখতে না পেয়ে হতবাক হয়ে যায় তার মা।
এরপর থেকেই তাকে খুঁজে বের করার জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। দুই সপ্তাহের বেশি সময় পর পুলিশ কার্নারভনের একটি তালাবদ্ধ বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করল। এই ঘটনায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পশ্চিমাঞ্চলীয় অস্ট্রেলিয়ার ডেপুটি কমিশনার কোল ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেন, একটি পুলিশ টিম একটি তালাবদ্ধ বাড়ি দেখে সেখানে থেমে যায়। এরপর সেখানকার একটি রুম থেকে ছোট্ট ক্লেওকে উদ্ধার করা হয়।
ওই কর্মকর্তা বলেন, এক পুলিশ কর্মকর্তা যখন ছোট্ট ক্লেওকে কোলে তুলে নেন এবং জিজ্ঞেস করেন তোমার নাম কি? সে জানায়, তার নাম ক্লেও। শিশুটিকে এখন তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ক্লেওর মা ইনস্টাগ্রামের এক পোস্টে লিখেছেন, আমাদের পরিবার আবারও পূর্ণ হলো। পুলিশ জানিয়েছে, আটক হওয়া ব্যক্তি ওই পরিবারের পূর্ব পরিচিত নন। এর আগে অস্ট্রেলিয়ান পুলিশ শিশুটির সন্ধানে সাড়ে সাত লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে ঘোষণা করে। সে সময় ধারণা করা হচ্ছিল, শিশুটি অপহরণের শিকার হয়েছে।