ইউনাইটেডে ভর্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন
ঢাকা: বেশ কিছুদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি কদিন আগে জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
শনিবার (৬ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে সাহারা খাতুনের শারীরিক অবস্থা মোটামোটি ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিয়েছেন। তাকে আরো কদিন হাসপাতালে থাকতে হতে পারে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
সাহারা খাতুন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১২ সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। পরে মন্ত্রিপরিষদে রদবদল হলে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।