গঠনমূলক কিছু না বলতে পারলে চুপ থাকুন, ট্রাম্পকে হাউস্টন পুলিশ প্রধান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকে ঘিরে গঠনমূলক কথা বলতে না পারলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বলেছেন টেক্সাস অঙ্গরাজ্যের হাউস্টন কাউন্ট্রির পুলিশ প্রধান আর্ট আচেভেদো। বিক্ষোভ দমনে অঙ্গরাজ্যের গভর্নরদের ট্রাম্প ব্যর্থ বলার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন ওই পুলিশ কর্মকর্তা। খবর সিএনএন।
পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। এদিকে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের ওপর বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পারার দায় চাপিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি গভর্নরদেরকে দুর্বল আখ্যা দিয়ে বলেছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ।
আর্ট আচেভোদো সোমবার (১ জুন) বলেন, ‘কাউন্ট্রির পুলিশ প্রধান হিসেবে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলছি, আপনার যদি গঠনমূলক কোনকিছু বলার না থাকে, তাহলে অন্তত মুখটা বন্ধ রাখুন’।
গত ২৫ মে, সোমবার পুলিশি নির্যাতনে মারা যান জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। ঘাড়ে ও পিঠে ক্রমাগত হাঁটু দিয়ে চাপ দিয়ে রাখার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ওই আফ্রিকান-আমেরিকান।
মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার ঘাড় চেপে ধরেন। আট মিনিটের বেশি সময় ধরে এভাবে হাঁটুর চাপে শ্বাসরোধে মৃত্যু হয় ফ্লয়েডের। এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র।