করোনায় ঢাবি শিক্ষক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যু
ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মৃত্যুর মিছিলে যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ।
রবিবার (১ জুন) রাতে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। গত ১০ দিন ধরে অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ চিকিৎসাধীন ছিলেন। মাঝখানে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও পরে অবনতি হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ গত কয়েকদিন দিন ধরে রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন, অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের ফুসফুসে ইনফেকশন ছিল। করোনা শনাক্ত হওয়ায় তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।’
তিনি বলেন, ‘কিন্তু দুর্ভাগ্য যে, তিনি আমাদের রেখে চলে গেলেন। অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে আমরা শোকাহত, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
প্রক্টর আরও বলেন, ‘যতদূর জানতে পেরেছি অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের স্ত্রীও একজন অধ্যাপক। উনি একটি কলেজে অধ্যাপনা করেন। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।’