যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটনের সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে। তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্থানীয় সময় শুক্রবার বিকালে তাকে হাসপাতালে পাঠানো হয়। হোয়াইট হাউসের বরাত দিয়ে সংবাদমাধ্যম এপি জানিয়েছে, আগামী কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে তাকে।
আগে থেকেই হোয়াইট হাউসের লনে অপেক্ষমান প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানে করে হাসপাতালে যান ট্রাম্প। নিজেই হেঁটে হেলিকপ্টারে ওঠেন তিনি। ইতোপূর্বে মাস্ক পরায় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়ে ব্যাঙ্গ করলেও এদিন হাসপাতালে যাওয়ার পথে তিনি নিজেও মাস্ক পরিধান করেন।
হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন ট্রাম্প। থাম্বস আপ প্রতীকও প্রদর্শন করেন। তবে এ সময় তিনি কোনও কথা বলেননি। সরাসরি গিয়ে হেলিকপ্টারে চড়ে বসেন।
বিবিসি জানিয়েছে, ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার হাসপাতালে পৌঁছেছে। তবে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ট্রাম্প বলেন, ‘আমাকে অভূতপূর্ব সমর্থন দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি। আমি মনে করি আমি খুব ভালো আছি। সবকিছু ঠিক আছে; এটা নিশ্চিত হতেই সেখানে যাচ্ছি। ফার্স্ট লেডিও যথেষ্ট ভালো আছেন।’