নতুন সময় ডেস্ক : লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সপ্তাহের ব্যবধানে মাছের সরবরাহ বাড়ায় খুশি, জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। ইলিশের আমদানি-রপ্তানির কর্মযজ্ঞে উৎসবমুখর মাছের ঘাটগুলো। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় বেড়েছে মাছের উৎপাদন।
মৎস্য বিভাগ বলছে, টানা বৃষ্টিতে এবার নদীতে পানি বেশি থাকা এবং জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় বেড়েছে ইলিশের উৎপাদন। পরিবেশ অনুকূলে থাকায় জেলায় এবার গত বছরের চেয়ে ইলিশের উৎপাদন ৫ হাজার টন বেড়ে ২৫ মেট্টিক টন হবার আশা তাদের।
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জাল ফেললেই উঠে আসছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ। বিশেষ করে জেলার রামগতি ও কমলনগর উপজেলার আলেকজান্ডার, মতির হাট, চেয়ারম্যান ঘাট এলাকায় গত সপ্তাহ থেকে বেড়েছে ইলিশের সরবরাহ।
জালে ইলিশ বেশি পাওয়ায় দিন-রাত মাছ ধরায় ব্যস্ত জেলেরা। মৌসুমের এ সময়ে বাজারে ইলিশের ভালো দাম পাওয়ার আশা তাদের।
ইলিশের সরবরাহ বাড়ায় জমজমাট জেলার মাছের বাজারগুলো। এক কেজি ওজনের এক হালি ইলিশ এখন বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়। কম দামে ভালো ইলিশ পেয়ে খুশি সবাই।
লক্ষ্মীপুরে প্রায় ৫২ হাজার জেলের মধ্যে নিবন্ধন রয়েছে ৪২ হাজারের। এ দফায় জেলেরা নদীতে মাছ ধরতে পাবে ৭ অক্টোবর পর্যন্ত।