মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই দেশটির রাজধানী নয়াদিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সংঘর্ষে দিল্লি পুলিশের একজন ডেপুটি কমিশনারও আহত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে আহমেদাবাদ থেকে রাজধানী দিল্লিতে ফেরার কথা রয়েছে ট্রাম্পের; তার আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গত ২৪ ঘণ্টায় দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সিএএ-বিরোধীদের কয়েক দফা সংঘর্ষ হয়। এতে দিল্লির মোজপুরে পুলিশের একজন হেড কনস্টেবল নিহত ও একজন ডেপুটি পুলিশ কমিশনার আহত হন।
এনডিটিভি বলছে, দিল্লির একাধিক স্থানে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় তারা পরস্পরকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। যানবাহন ও দোকানপাটে অগ্নিসংযোগ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দিল্লির একাংশ রণক্ষেত্রে পরিণত হয়।
দু’দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বেলা ১১টার দিকে গুজরাটের আহমেদাবাদে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে পৌঁছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন তিনি। সন্ধ্যার দিকে নয়াদিল্লিতে ট্রাম্পের পৌঁছানোর কথা রয়েছে; তার আগেই এ সংঘর্ষের ঘটনা ঘটলো।
গতকাল (২৩ ফেব্রুয়ারি) রোববার দুপুর থেকেই নয়াদিল্লির জাফরাবাদে কয়েক হাজার নারী নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ শুরু করেন। তখন থেকে জাফরাবাদেও উত্তেজনা বিরাজ করছে।