শিগগিরই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য আলোচনা
আন্তর্জাতিক : জাপানের সঙ্গে কয়েক মাসের মধ্যেই বাণিজ্য আলোচনার পরবর্তী ধাপ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার বুধবার (১৭ জুন) এ তথ্য নিশ্চিত করেন। খবর জাপানি সংবাদমাধ্যম কিয়োদো।
দেশ দু’টি গত বছর শুল্ক হ্রাসসংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তিতে পৌঁছেছিল। চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়া ওই চুক্তির মাধ্যমে উভয় পক্ষ সেবা ও বিনিয়োগ খাতে আরো বাণিজ্য আলোচনার সম্ভাব্য প্রতিবন্ধকতা কাটানোর ব্যাপারেও সম্মত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভস কমিটির কাছে লাইটহাইজার জানান, প্রথম ধাপের চুক্তির ফলে জাপানের বাজারে বিস্তৃত প্রবেশাধিকার পেয়েছে মার্কিন কৃষিপণ্য। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুতে বিলম্ব হচ্ছে।