নতুন সময় ডেস্ক : প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়া পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলমকে পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয়েছে। তাকে পরিকল্পনা প্রতিমন্ত্রী করে গতকাল রোববার (১৮ জুলাই) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপখ নেন।
বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বর্তমানে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে রয়েছেন এম এ মান্নান। মন্ত্রিসভায় এখন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। শামসুল আলম যুক্ত হওয়ায় প্রতিমন্ত্রী হলেন ২০ জন। ড. শামসুল আলম ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএসসি, ১৯৮৩ সালে ব্যাংককের থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে এমএ অর্থনীতি এবং ইংল্যান্ডের নিউ ক্যাসেল আপন টাইন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে অর্থনীতিতে পিএইচডি করেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডের ভাগিনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট ইকনোমিকস স্কুলে শিক্ষকতায় নিযুক্ত ছিলেন।