বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়েছে
ঢাকা: চীনের উহান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না। বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৮৬ হাজার ১০ জন। আক্রান্ত মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ২৫০ জন। অপরদিকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ লাখ ৮১ হাজার ১৮০ জন। করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।
জেএইচইউ-র দেয়া তথ্যে দেখা যায়, ব্রাজিলে ৫ লাখ ৫৫ হাজার ৩৮৩ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। দক্ষিণ আমেরিকার এ দেশটি এখন অবধি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩১ হাজার ১৯৯ জন প্রাণ হারিয়েছেন।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৬ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ লাখ ৩১ হাজার ৮০৬ জন আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে। এর মধ্যে শুধুমাত্র নিউইয়র্কেই এখনও অবধি ২৯,৯৬৮ জন মারা গেছেন।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে ৩৯,৪৫২ জন, ইতালিতে ৩৩,৫৩০ জন, ফ্রান্স ২৮,৯৪৩ জন এবং স্পেনে ২৭,১২৭ জনের মৃত্যু হয়েছে। চীন এবং নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশের অবস্থা দেখে মনে করা হচ্ছে এ মহামারি নিয়ন্ত্রণে আছে। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন তুলে নেয়ার দিকে এগোচ্ছে।
এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৯১১ জন আক্রান্তের কথা মঙ্গলবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় নতুন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫২ হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। এদিন আরও ৩৭ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৯ জনে। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।
গত বছরে ডিসেম্বরে চীনে প্রথম সংক্রমণ শুরু হওয়ার পর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর তথ্য আসে। গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে আক্রান্ত ও মৃত্যু উভয় ক্ষেত্রেই অনেক বাড়তির দিকে রয়েছে।