সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ:
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৬ জুন আনুমানিক বিকাল ৬ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন রেহাইচর গ্রামে জেলা শিল্পকলা একাডেমির গেটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ ফারুক (২৭)কে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
মোঃ ফারুক চাঁপাইনবাবগঞ্জ সদর থানার গোবড়াতলা ইউনিয়নের অরুনবাড়ি গ্রামের মোঃ বদিউজ্জামানের ছেলে। এ সময় বিদেশী পিস্তল ১টি, ওয়ান শুটার গান ১টি, ম্যাগাজিন ১টি, গুলি-৪ রাউন্ড, মোবাইল ফোন ১টি, সীম কার্ড ১টি, মেমোরী কার্ড ১টি, পাওয়ার টিলার ১টি এবং ১টি তেলের ড্রাম সহ তাঁকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে নিশ্চিত করে জানান হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।