মাহমুদুল হাসান(সবুজ): রাজধানীর দারুসসালাম এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে আটক করেছে র্যাব-১০। আটক হলো- সাদ্দাম হোসেন ভূইয়া ওরফে অন্তু (৩১)।
মঙ্গলবার রাত ১১ টার দিকে দারুস সালাম থানার কল্যানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি মোবাইল ফোন ও ২ সিমকার্ড উদ্ধার করা হয়।

বুধবার র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বিভ্রান্তমূলক ও আক্রমনাত্মক বিভিন্ন পোস্ট ও পেইজে ইচ্ছাকৃতভাবে আপত্তিকর কমেন্টস ও বিভিন্ন উস্কানীমূলক শেয়ার করার অপরাধে তাকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত আসামি দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অংশ হিসাবে এই ধরনের বিভ্রান্তিমূলক কমেন্টস ও পোস্ট শেয়ার করে আসছিল।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।